সিঅ্যান্ডবি ঘাটে হামলা, আটটি দোকান উচ্ছেদ
ফরিদপুর সদর উপজেলার ডিক্রিরচর ইউনিয়নের পদ্মার তীরে সিঅ্যান্ডবি ঘাট এলাকায় হামলা চালিয়ে আটটি দোকান উচ্ছেদ করা হয়েছে। গত বৃহস্পতিবার দিবাগত রাতে দোকানগুলো উচ্ছেদ করা হয়।
এলাকাবাসী ও দোকানমালিকদের অভিযোগ, ঘাটের ইজারাদার ফরিদপুর পৌর এলাকার ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জলিল শেখ ও তাঁর ভাই সিদ্দিক শেখের লোকজন দোকানগুলো উচ্ছেদ করেন। ইজারাদার জলিল শেখ দোকান উচ্ছেদ করার কথা স্বীকার করেছেন।
গত শনিবার দিবাগত রাতে ফরিদপুর প্রেসক্লাবে সংবাদ সমেঞ্চলনে ওই এলাকার মো. আসলাম শেখ বলেন, ডিক্রিরচর মৌজার ১০৮ দশমিক ৫ শতাংশ জমি তাঁর বাবা ও চাচারা ঘরবাড়ি ও দোকান তুলে ভোগদখল করে আসছেন। ভেঙে দেওয়া দোকানগুলোর মালিকেরা তাঁদের জমিতে ভাড়া থাকতেন। বৃহস্পতিবার রাত ১২টার দিকে জলিল শেখ ও তাঁর ভাই সিদ্দিকুর রহমানের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে আটটি দোকান উচ্ছেদ করেন।
আসলাম শেখ আরও বলেন, ‘ওই জমি আমার বাবা ও চাচাদের মালিকানাধীন সম্পত্তি। কিন্তু ১৯৭৮ সালে আমরা জানতে পারি, জমিটি খাস হয়েছে এবং জনৈক আজিজ শেখকে ওই জমি জেলা প্রশাসন ইজারা দিয়েছে। আমরা এই ইজারার বিরুদ্ধে ফরিদপুরের জ্যেষ্ঠ সহকারী জজ আদালতে মামলা করেছি। মামলাটি এখনো চলছে।’
এ ব্যাপারে আওয়ামী লীগের নেতা ঘাটের ইজারাদার জলিল শেখ বলেন, ‘ঘাটের স্বার্থে ছয়টি দোকান অপসারণ করে বিকল্প সড়ক (ডাইভারসন) বের করা হয়েছে।’ তবে তিনি দাবি করেন, কোনো দোকান ভেঙে ফেলা হয়নি। দোকানদারেরা নিজেদের ইচ্ছায় দোকান সরিয়ে নিয়েছেন।
ফরিদপুর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মো. ইলিয়াস জানান, বৃহস্পতিবার রাতে দোকান ভাঙার খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে যান। গিয়ে দেখেন, বেকো মেশিন দিয়ে ওই দোকানগুলো ভেঙে ফেলা হয়।