সিআইইউ ও ব্রিটিশ কাউন্সিলের মধ্যে সমঝোতা স্মারক সই
আধুনিক ও উন্নতমানের প্রযুক্তিনির্ভর গ্রন্থাগার সেবা প্রদানের লক্ষ্যে গতকাল রোববার সকালে বেসরকারি বিশ্ববিদ্যালয় চিটাগং ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি (সিআইইউ) এবং ব্রিটিশ কাউন্সিলের মধ্যে সমঝোতা স্মারক সই হয়েছে।
নগরের জামালখান এলাকায় বিশ্ববিদ্যালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত অনুষ্ঠানে সমঝোতা স্মারকে সই করেন সিআইইউর সহ-উপাচার্য ড. ইরশাদ কামাল খান এবং ব্রিটিশ কাউন্সিলের পরিচালক (পার্টনারশিপ ও প্রোগ্রামস) রবিন ডেভিস।
অনুষ্ঠানে ব্রিটিশ কাউন্সিল চট্টগ্রামের ব্যবস্থাপক নাহিদ খান, রিসোর্স সেন্টার ব্যবস্থাপক সারওয়াত রেজা ও কর্মকর্তা মাসুদুল আলম, সিআইইউর স্কুল অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কম্পিউটার সায়েন্সের ডিন এম নুরুজ্জামান, এমবিএ কার্যক্রমের সমন্বয়কারী মোহাম্মদ আইয়ুব ইসলাম, ভিজিটিং স্কলার এ কাইয়ুম চৌধুরী, সহযোগী অধ্যাপক নূরুল আবছার নাহিদ প্রমুখ। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন গ্রন্থাগার প্রধান মো. জিল্লুর রহমান।
অনুষ্ঠানে সিআইইউ সহ-উপাচার্য ইরশাদ কামাল খান আশাবাদ ব্যক্ত করেন, সমঝোতা স্মারকের মাধ্যমে চট্টগ্রামে একটি সমৃদ্ধ গ্রন্থাগারের যাত্রা শুরু হলো।
ব্রিটিশ কাউন্সিলের পরিচালক রবিন ডেভিস বলেন, ‘চট্টগ্রামবাসীর জন্য একটি আধুনিক লাইব্রেরি উপহার দিতে পেরে আমরা আনন্দিত।’
ব্রিটিশ কাউন্সিল রিসোর্স সেন্টার এর আগে চট্টগ্রামের অপর বেসরকারি প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথভাবে কার্যক্রম পরিচালনা করে।