সিআইইউ ক্যাম্পাসে শিক্ষার্থীদের প্রথম দিনটা কেটেছে আনন্দে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্লাস শুরুর প্রথম দিনেই ক্যাম্পাসে আড্ডায় মেতেছেন একঝাঁক নতুন শিক্ষার্থী। ছবি: লেখক
ক্লাস শুরুর প্রথম দিনেই ক্যাম্পাসে আড্ডায় মেতেছেন একঝাঁক নতুন শিক্ষার্থী। ছবি: লেখক

ঘড়ির কাঁটায় সকাল ৯টা। একজন-দুজন করে সবে ক্যাম্পাসে আসতে শুরু করেছেন তখন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বেড়ে যায় জটলা। কারও পিঠে ব্যাগ, কারও হাতে ডায়েরি। মুখর হয়ে ওঠে পুরো ক্যাম্পাস।

চিটাগং ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির (সিআইইউর) ২০২০-এর স্প্রিং সেমিস্টারের ক্লাস শুরুর প্রথম দিন গত রোববারের চিত্রটা ছিল ঠিক এমনই। তারুণ্যের পদচারণায় জমজমাট হয়ে ওঠে সব কটি স্কুল (অনুষদ) ও বিভাগ।

বিশ্ববিদ্যালয় জীবনের প্রথম দিনটা ভীষণ আনন্দে কেটেছে শিক্ষার্থীদের। দিনভর তাঁরা আড্ডা দিয়েছেন দল বেঁধে। একে-অপরের সঙ্গে পরিচিত হয়েছেন। ক্লাসে অংশ নিয়েছেন ফাঁকে ফাঁকে।

ক্যাম্পাসের করিডোর, লাইব্রেরি, আমেরিকান কর্নার, টিএসসি—সবখানেই ছিল তাঁদের পদচারণ। ভেসে আসে ‘আমি মাহমুদ। মাহমুদ তালুকদার। চিটাগং কলেজ থেকে এসেছি। ইচ্ছে আছে ভালো কিছু করার’ কিংবা ‘বাবা-মার আশা ছিল ইংরেজি পড়ব। কিন্তু আমি বিবিএ ছাড়া চলতে পারি না’—এমন সব কথাবার্তা।

সকালে ক্যাম্পাসে প্রবেশ করেই শিক্ষার্থীরা দল বেঁধে নিজেদের বিভাগগুলো খুঁজে নেন। লাজুকতা ভেঙে একধাপ সামনে এগিয়ে অনেকে সাহস নিয়ে সরাসরি চলে যান সিনিয়র শিক্ষকদের কক্ষে! কথা বলেন প্রাণখুলে।

প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে ক্লাস রুটিন নিয়ে আলোচনা করেন কেউ কেউ। কফির চুমুকে আড্ডা জমে ওঠে ক্যানটিনেও। এ সময় তাঁদের গাইতে শোনা যায় ‘ওরে নীল দরিয়া’ অথবা ‘এই মুখরিত জীবনের চলার বাঁকে’সহ দারুণ সব গান।

কেমন লাগছে বিশ্ববিদ্যালয় জীবনের প্রথম দিন? প্রশ্ন করতেই ঠোঁটের কোণে হাসি দিয়ে লামিয়া সুলতানা নামের এক শিক্ষার্থী বলেন, ‘স্কুলজীবনের পুরোনো বন্ধুদের সঙ্গে দেখা হয়ে গিয়েছে। খু-উ-ব ভালো লাগছে।’

নতুন বন্ধুদের সঙ্গে প্রথম দিনটি স্মরণীয় করে রাখতে সেলফি তুলছিলেন ফাহাদ ফেরদৌস। ভর্তি হয়েছেন বিবিএতে। তিনি বলেন, ‘সবার দোয়া চাই। প্রথম দিনটি নিয়ে আগের রাত নির্ঘুম কেটেছে। অনেক পরিচিত মুখ পেয়েছি। তবে এখানে কড়াকড়িও আছে!’ Õ

সিআইইউর উপাচার্য ড. মাহফুজুল হক চৌধুরীকে নতুন ভর্তি হওয়া শিক্ষার্থীদের সঙ্গে আলাপে মশগুল থাকতে দেখা যায়। শিক্ষার্থীরাও বিশ্ববিদ্যালয়ের অভিভাবককে কাছে পেয়ে তাঁদের স্বপ্নের কথা তুলে ধরেন। উপাচার্য শিক্ষার্থীদের বেশি করে পাঠ্যবইয়ে ডুবে থাকার পরামর্শ দেন। তিনি বলেন, ‘যুগোপযোগী সিলেবাসে শিক্ষার্থীদের কর্মমুখী করে গড়ে তুলতে কাজ করে যাচ্ছি আমরা। শিক্ষার্থীদের যেকোনো সমস্যায় পাশে থাকবে আমাদের বিশ্ববিদ্যালয়।’