সিআইডি ও দুদক যৌথ প্রতিবেদন দেবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্লটের আয়তন বাড়ানোর অভিযোগে কেবল প্রবাসীকল্যাণসচিব খোন্দকার শওকত হোসেনের বিরুদ্ধে মামলা করার বিষয়ে সদুত্তর দিতে পারেননি দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব মো ফয়জুর রহমান চৌধুরী। তবে তিনি বলেন, ‘কমিশন যাচাইবাছাই করে যাঁর বিরুদ্ধে অপরাধের প্রমাণ পেয়েছে, তাঁর বিরুদ্ধেই মামলার অনুমোদন দিয়েছে।’
গতকাল বুধবার রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে আয়োজিত মাসিক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে দুদকের সচিব এ কথা বলেন। তিনি জানান, রানা প্লাজার মালিক সোহেল রানাকে নিয়ে সিআইডি ও দুদক একসঙ্গেই প্রতিবেদন দেবে।
সচিব জানান, সোহেল রানার বিরুদ্ধে অপরাধ ও দুর্নীতির অনুসন্ধান প্রতিবেদন দুদক ও সিআইডি সমন্বয় করে শিগগিরই দেবে। দুই সংস্থার অনুসন্ধান প্রায় শেষ পর্যায়ে। দুদক সোহেল রানার অবৈধ সম্পদ এবং ভবনে জালিয়াতির বিষয়ে অনুসন্ধান করছে। আর সিআইডি অন্য অপরাধের বিভিন্ন বিষয় দেখছে। দুটি সংস্থার প্রতিবেদনে যাতে একই তথ্য না আসে, সে জন্য যৌথ প্রতিবেদন দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
প্লট নিয়ে প্রায় এক বছর অনুসন্ধান শেষে সংশ্লিষ্ট অনুসন্ধান কর্মকর্তা ২০ জনের বিরুদ্ধে মামলার সুপারিশ চেয়ে প্রতিবেদন জমা দিলেও গত মঙ্গলবার কমিশন শুধু প্রবাসীকল্যাণসচিবের বিরুদ্ধে মামলার অনুমোদন দেয়। প্রতিবেদনে অপরাধের সঙ্গে সংশ্লিষ্টতা পাওয়ার পরও এ মামলায় অন্যদের কেন অব্যাহতি দেওয়া হলো, জানতে চাইলে দুদকের সচিব মো ফয়জুর রহমান চৌধুরী বলেন, ‘প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে আমরা এফআইআর দিয়েছি। মামলার পর এখন তদন্ত হবে। যাঁদের বিরুদ্ধে অভিযোগ এসেছে, তাঁরা তদন্তের আওতায় থাকবেন।’
ভুয়া মুক্তিযোদ্ধার সনদ দেখিয়ে চাকরির সময়সীমা বাড়ানোর অভিযোগে ছয় সচিবের বিরুদ্ধে অনুসন্ধানের বিষয়ে দুদকের সচিব বলেন, ‘অনুসন্ধান চলছে। এ দেশে মুক্তিযুদ্ধ ১৯৭১ সালে হয়েছিল। সে সময় মুক্তিযোদ্ধা ছিল এক লাখ। এখন শোনা যায় মুক্তিযোদ্ধা দুই লাখ। কোথা থেকে এত মুক্তিযোদ্ধা এল। তাই এটা বের হওয়া দরকার কে মুক্তিযোদ্ধা, কে মুক্তিযোদ্ধা নয়।’