সিআইডি কর্মকর্তাকে সালাম পিন্টুর পক্ষে দিনভর জেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২১ আগস্ট গ্রেনেড হামলার মামলায় সিআইডির পরিদর্শক আবু হেনা মো. ইউসুফকে গতকাল সোমবার দিনভর জেরা করেছেন সাবেক উপমন্ত্রী আবদুস সালাম পিন্টুর আইনজীবীরা।ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে স্থাপিত অস্থায়ী বিশেষ এজলাসে জেরা গ্রহণ করেন ঢাকার এক নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. শাহেদ নূরউদ্দিন। পিন্টুর পক্ষে সাক্ষী আবু হেনাকে জেরা করেন সিনিয়র আইনজীবী খন্দকার মাহবুব হোসেন। জেরা শেষ না হওয়ায় আদালত আগামী ৫ ও ৬ আগস্ট পরবর্তী তারিখ ধার্য করেন।জেরার সময় এ মামলার রাষ্ট্রপক্ষের প্রধান আইনজীবী সৈয়দ রেজাউর রহমান উপস্থিত ছিলেন।আইনজীবী খন্দকার মাহবুব হোসেনের জেরার জবাবে সিআইডির কর্মকর্তা আবু হেনা বলেন, তিনি এই মামলায় ২০১১ সালে জবানবন্দি দিয়েছেন।আইনজীবী: আপনি মুফতি হান্নানকে কত সালে জিজ্ঞাসাবাদ করেছেন? আর এই মামলায় কত সালে জিজ্ঞাসাবাদ করা হয়? আবু হেনা: তা আমার মনে নেই।আইনজীবী: আপনি তাহলে মুফতি হান্নানকে জিজ্ঞাসাবাদ করার সময় উপস্থিত ছিলেন না? আবু হেনা: ছিলাম, তবে ২০০৫ সালে গ্রেপ্তার হওয়ার পর কতবার জিজ্ঞাসাবাদ করা হয়েছে তা আমার জানা নেই। তা তদন্ত কর্মকর্তা বলতে পারবেন। আইনজীবী: আপনি প্রথম অভিযোগপত্রে সাক্ষী ছিলেন? আবু হেনা: না।আইনজীবী: আপনি জবানবন্দিতে যা বলেছেন, তা আর কারও কাছে বলেছিলেন? আবু হেনা: সাবেক তদন্ত কর্মকর্তা মুন্সি আতিকুর রহমান, ফজলুল কবীর ও সাবেক তদন্ত তদারক কর্মকর্তা এস এম রুহুল আমিনকে বলেছি।আইনজীবী: তাদের কাছে কি এই তথ্য গল্পের ছলে বলেছিলেন? আবু হেনা: না, মামলার অগ্রগতি জানানোর জন্য বলেছিলাম। জেরার সময় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক উপমন্ত্রী আবদুস সালাম পিন্টু, জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদসহ কারাগারে থাকা এ মামলার ২৬ জন আসামি ও জামিনে থাকা সাত আসামি আদালতে উপস্থিত ছিলেন। এ মামলায় তারেক রহমানসহ ১৯ জন আসামি পলাতক রয়েছেন।