সাভারে রানা প্লাজা ধসের ঘটনায় করা পৃথক দুই মামলায় গতকাল বৃহস্পতিবারও আদালতে তদন্ত প্রতিবেদন দেয়নি পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গতকাল বৃহস্পতিবার আদালতে এই মামলা দুটিতে তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল।
সিআইডি মামলা দুটি তদন্ত শেষ করতে না পারায় আরও সময়ের আবেদন জানায় আদালতে। ঢাকার বিচারিক হাকিম আফরোজা শিউলী আগামী ৬ নভেম্বর ওই দুটি মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের আদেশ দেন।
মামলার তদন্তে বিলম্ব হওয়ায় গত বছরের ৪ নভেম্বর ঢাকার মুখ্য বিচারিক হাকিম আদালত তদন্তকারী কর্মকর্তাকে কারণ দর্শানোর আদেশ দিয়েছিলেন। এর পরিপ্রেক্ষিতে তদন্ত কর্মকর্তা লিখিত জবাব দিয়েছিলেন। তাতে তিনি উল্লেখ করেন, মামলা দুটি স্পর্শকাতর ও বড় মামলা। রানা প্লাজা ভবনধসে এক হাজার ১৩৪ জন মারা যান। তাই মামলার সাক্ষ্য-প্রমাণ সংগ্রহ করতে বিলম্ব হচ্ছে। আগামী ধার্য তারিখের মধ্যে অবশ্যই এ প্রতিবেদন দাখিল করা হবে। এর পরও চার দফায় আরও সময়ের আবেদন করেছে সিআইডি।
গত বছরের ২৪ এপ্রিল সাভার বাসস্ট্যান্ডের পাশে রানা প্লাজা ধসের ঘটনা ঘটে। জীবিত উদ্ধার করা হয় প্রায় আড়াই হাজার শ্রমিককে। ঘটনার পরদিন সাভার থানার পুলিশের উপপরিদর্শক (এসআই) ওয়ালী আশরাফ খান অবহেলাজনিত মৃত্যুর অভিযোগ এনে রানা প্লাজার মালিক সোহেল রানাসহ ২১ জনকে আসামি করে মামলা করেন। এ ছাড়া রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) অথরাইজড অফিসার হেলাল উদ্দিন ইমারত নির্মাণ আইনে ১৩ জনকে আসামি করে আরও একটি মামলা করেন।