সিআইডি যাঁকে সাক্ষী রেখেছে দুদক তাঁকে আসামি বানিয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাভারে রানা প্লাজা ধসের মতো চাঞ্চল্যকর মামলা তদন্তে দুর্নীতি দমন কমিশনের (দুদক) গাফিলতি ধরা পড়েছে। রানা প্লাজা ধসের ঘটনায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) মামলায় সিআইডি যে ব্যক্তিকে সাক্ষী হিসেবে রেখেছে, দুদক তাঁকেই আসামি বানিয়েছে।
দুদকের ‘দুর্বল’ তদন্তের শিকার এই ব্যক্তির নাম এ বি এম সাজ্জাদ হোসেন। তিনি একজন পুরকৌশল (কাঠামো) প্রকৌশলী। ধসে পড়া রানা প্লাজার কাঠামো নকশা অনুমোদনের দায় তাঁর ওপর চাপিয়েছে দুদক। আর সিআইডির তদন্তে এসেছে যে তিনি ওই নকশা প্রণয়নের সঙ্গে জড়িত ছিলেন না। বরং নকশা নিয়ে জালিয়াতির আশ্রয় নিয়েছিলেন রানা প্লাজার মালিক।
২০১৩ সালের ২৪ এপ্রিল সাভারে ১০ তলাবিশিষ্ট রানা প্লাজা ধসে পড়ে। এতে সহস্রাধিক লোক নিহত হন, আহত হন আরও কয়েক হাজার। তাৎক্ষণিকভাবে ওই ঘটনায় সাভার থানায় দুটি মামলা হয়। মানুষ হত্যার অভিযোগে একটি মামলা করে পুলিশ। আর ইমারত নির্মাণবিধি না মেনে ভবন নির্মাণের অভিযোগে অপর মামলাটি করে রাজউক। দুটি মামলারই তদন্ত শেষে চলতি বছরের ১ জুন আদালতে অভিযোগপত্র জমা দেয় সিআইডি।
এদিকে রানা প্লাজা ধসের প্রায় এক বছর পর ২০১৪ সালের ১৫ জুন বিধিবহির্ভূতভাবে নকশা তৈরি, অনুমোদন, নির্মাণ এবং তাতে পোশাক কারখানা স্থাপনের অভিযোগে সাভার থানায় একটি মামলা করে দুদক। এক মাসের মাথায় আদালতে অভিযোগপত্র দেয় দুদক। দুদকের অভিযোগপত্রে ৬ নম্বর আসামি হলেন প্রকৌশলী সাজ্জাদ হোসাইন। যাঁর ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্সে (আইইবি) সদস্য নম্বর এম-১০১৬৩৮০ এবং রাজউক নিবন্ধন নম্বর ই-০০১৫২।
অভিযোগপত্রে দুদক বলেছে, ধসে পড়া রানা প্লাজায় আদৌ ১০ তলার ভিত্তি আছে কি না, তা যথাযথ যাচাই না করে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার সাজ্জাদ হোসাইন ও স্থপতি এ টি এম মাসুদ রেজা ভবনটির কাঠামো নকশায় সই করেছেন। তাই তাঁরা দায়িত্ব এড়াতে পারেন না।
অপরদিকে একই সাজ্জাদকে সিআইডির অভিযোগপত্রে সাক্ষী করা হয়েছে। তাতে বলা হয়, রানা প্লাজার কাঠামো নকশায় সাজ্জাদ হোসাইন নামের যে প্রকৌশলীর সই, সিলমোহর ও আইইবি সদস্য নম্বর রয়েছে, সেই বিবরণ অনুযায়ী কোনো প্রকৌশলীর অস্তিত্ব নেই। আইইবিতে প্রকৌশলীদের নিবন্ধিত সর্বশেষ সদস্য নম্বর ৩০৮৯০ (২০১৩ সালের মে পর্যন্ত), আর রানা প্লাজার নকশায় আইইবি নম্বর ১০১৬৩৮০। এমনকি সিল-সইও ভুয়া। কিন্তু নকশা অনুমোদনের সময় সাভার পৌরসভার তৎকালীন দায়িত্বশীল প্রকৌশলীদের কারও চোখে পড়েনি।
তদন্তকালে সিআইডি এ বি এম সাজ্জাদ হোসেন নামে রাজউকে নিবন্ধিত একজন মাত্র প্রকৌশলীর সন্ধান পায়। তাঁর আইইবি সদস্য নম্বর এম-১৬৩৮০। তিনি সব সময় বাংলায় সই করেন, রাজউকে সংরক্ষিত তাঁর নমুনা সইও বাংলায়। ইংরেজিতে তাঁর নামের বানান লেখেন দুটি ‘জেড’ দিয়ে। কিন্তু রানা প্লাজার জব্দ করা নকশায় সই রয়েছে ইংরেজিতে এবং সাজ্জাদ লেখা হয়েছে দুটি ‘জে’ দিয়ে।
সিআইডি সূত্র জানায়, এতেও সন্তুষ্ট না হয়ে তদন্ত কর্মকর্তা এ বি এম সাজ্জাদ হোসেনের সব সনদ ও নথি জব্দ করেন এবং হস্তলিপি বিশেষজ্ঞ দিয়ে হাতের লেখা পরীক্ষা করান। দেখা যায়, তাঁর পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র, রাজউক ও আইইবি নিবন্ধন—সব জায়গায় তাঁর সই বাংলায়। ১৯৯৬ সালের ১০ জানুয়ারি তিনি আইইবিতে সহযোগী সদস্য হিসেবে নিবন্ধিত (এএম/৫১৬৯) হন। পরে ২০০১ সালের ৩০ জুন তিনি আইইবির পূর্ণাঙ্গ সদস্য হন, যাঁর নিবন্ধন নম্বর এম/১৬৩৮০। সিআইডির হস্তলিপি বিশেষজ্ঞ মত দেন, রানা প্লাজার নকশায় থাকা সই এবং দুদকের মামলার আসামি সাজ্জাদের সই এক নয়।
এ বিষয়ে জানতে চাইলে রাজউকের মামলার তদন্ত কর্মকর্তা ও সিআইডির জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার বিজয় কৃষ্ণ কর প্রথম আলোকে বলেন, রানা প্লাজার নকশায় উল্লিখিত কথিত সাজ্জাদের সই ও সিলমোহর ভুয়া, এর সঙ্গে প্রকৌশলী এ বি এম সাজ্জাদ হোসেনের কোনো সম্পর্ক নেই।
কিন্তু একই ঘটনায় দুটি সংস্থার মামলা দায়ের এবং দুই রকম অভিযোগপত্র দুই মামলাকেই ক্ষতিগ্রস্ত করবে কি না—এমন প্রশ্নের জবাবে সিআইডির তদন্ত কর্মকর্তা বিজয় কৃষ্ণ কর বলেন, ‘অন্য সংস্থা কী করল, সেটা আমার দেখার বিষয় নয়। আমি তদন্ত করে যা পেয়েছি, সেটাই অভিযোগপত্রে উল্লেখ করেছি।’
এ বিষয়ে দুদকের মামলার তদন্ত কর্মকর্তা উপপরিচালক এস এম মফিদুল ইসলাম কোনো বক্তব্য দিতে রাজি হননি। তিনি দুদকের মুখপাত্রের সঙ্গে কথা বলার পরামর্শ দেন।
এরপর দুদকের কমিশনার মো. সাহাবুদ্দিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি প্রথম আলোকে বলেন, ‘যদি সত্যি ওই ব্যক্তির সই ভুয়া হয়ে থাকে, তাহলে সে রিলিফ পাবে। আদালত সেটা বিবেচনা করবেন।’ তিনি বলেন, ‘এটা এত বড় একটা মামলা, তদন্তে দু-একটা ত্রুটি-বিচ্যুতি থাকতেও পরে। তদন্তে ত্রুটি না হলে কি আর মাঝে মাঝে আসামি খালাস পায়? অনেক সময় এমন হয় যে ঘটনা সত্য, কিন্তু আসামি খালাস পেয়ে গেছে।’
সিআইডির তদন্ত প্রসঙ্গে দুদকের এই কমিশনার বলেন, ‘দুটি এজেন্সি সমন্বয় করে কখনো তদন্ত হয় না। আমাদের তদন্ত কর্মকর্তা যেটা পেয়েছে, সেটা করেছে। আমরা দুর্নীতির আঙ্গিকে তদন্ত করেছি, সিআইডি অন্য আঙ্গিকে করেছে।’