সিআইডি সাব্বির হত্যা মামলায় প্রতিবেদন দেয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বসুন্ধরা গ্রুপের টেলিযোগাযোগ শাখার পরিচালক হুমায়ূন কবির সাব্বির হত্যা মামলা ধামাচাপা দিতে ঘুষ দেওয়া-নেওয়ার মামলায় গতকাল বৃহস্পতিবারও তদন্ত প্রতিবেদন দাখিল করেনি পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। মহানগর হাকিম ইসমাইল হোসেইন ১১ নভেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।গতকাল সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। এর আগে আদালত আরও নয়বার সিআইডিকে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।সাব্বির হত্যা মামলা থেকে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের (শাহ আলম) ছেলে সাফায়েত সোবহান সানবীরের নাম বাদ দিতে তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে ২১ কোটি টাকা ঘুষ দেওয়ার অভিযোগে সিআইডি ২০০৮ সালের ৮ মে রমনা থানায় এ মামলা করে। মামলায় শাহ আলমসহ চারজনকে আসামি করা হয়। অন্য আসামিরা হলেন চারদলীয় জোট সরকারের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, বসুন্ধরার সাবেক নির্বাহী পরিচালক আবু সুফিয়ান ও কাজী সালিমুল হক। আসামিদের বিরুদ্ধে ঘুষ দেওয়া-নেওয়া ও নিজেদের কাছে রাখা এবং পরস্পরকে সহায়তা করার অভিযোগ আনা হয়।গতকাল শাহ আলমের পক্ষে সময়ের আবেদন করা হয়। আসামি বাবর, আবু সুফিয়ান ও কাজী সালিমুল জামিনে আছেন। বাবর অন্য মামলায় কারাবন্দী।মামলার বিবরণে জানা যায়, সাব্বির ২০০৬ সালের ৪ জুলাই রাতে নৃশংসভাবে খুন হন। পুলিশ এ হত্যাকাণ্ডে সানবীরের জড়িত থাকার প্রমাণ পাওয়ায় তাঁর বিরুদ্ধে হত্যা মামলা করে। এরপর সানবীরকে অব্যাহতি দেওয়ার ব্যবস্থা করতে বাবর বসুন্ধরার মালিকের কাছে ১০০ কোটি টাকা ঘুষ দাবি করেন। ৫০ কোটি টাকা দেওয়া হলে এই মামলা থেকে সানবীরকে অব্যাহতি দেওয়ার ব্যবস্থা করবেন বলে উভয় পক্ষের মধ্যে রফা হয়। বসুন্ধরা গ্রুপের সঙ্গে এই লেনদেন হয় বাবরের বেইলি রোডের সরকারি বাসভবনে।