সিআইডিকে অধিকতর তদন্তের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুবলীগের নেতা রিয়াজুল হক মিল্কী হত্যা মামলাটি পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডিকে অধিকতর তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত৷ গতকাল মঙ্গলবার ঢাকার মহানগর হাকিম তারেক মইনুল ইসলাম ভূঁইয়া এই আদেশ দেন৷ আদালত আগামী ১০ আগস্টের মধ্যে সিআইডিকে অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলেছেন৷
গত ১৫ এপ্রিল মামলার তদন্ত কর্মকর্তা র্যাব-১-এর সহকারী পরিচালক কাজেমুর রশীদ ১১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন৷ মিল্কীর ভাই ও এই মামলার বাদী রাশেদুল হক খান এই অভিযোগপত্রের বিরুদ্ধে ৯ জুন ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে আইনজীবীর মাধ্যমে নারাজি আবেদন করেন৷
গতকাল নারাজি আবেদন শুনানিতে বাদীর আইনজীবীরা আদালতকে বলেন, এই মামলার আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে যাঁদের নাম এসেছে, অভিযোগপত্র থেকে তাঁদের নাম বাদ দেওয়া হয়েছে৷ তা ছাড়া রিয়াজুল হক মিল্কীকে হত্যার পরিকল্পনাকারী এবং জড়িত ব্যক্তিকেও বাদ দেওয়া হয়েছে৷ আসামিদের মাধ্যমে প্রভাবিত হয়ে র্যাব এই অভিযোগপত্র দিয়েছে৷ তাই এই হত্যাকাণ্ডের বিষয়ে অধিকতর তদন্ত হওয়া প্রয়োজন৷ তা না হলে নিহতের পরিবার ন্যায়বিচার থেকে বঞ্চিত হবেন৷
শুনানি শেষে আদালত অধিকতর তদন্তের নির্দেশ দেন৷
এই মামলার অভিযোগ– পত্রভুক্ত আসামিরা হলেন শাখাওয়াত হোসেন, ফাহিমা ইসলাম, জাহাঙ্গীর, শহিদুল, আমিনুল, সোহেল, চুন্নু মিয়া, আরিফ, শরিফ, ইব্রাহিম ও রফিকুল৷ এর মধ্যে আটজন জেলহাজতে আটক এবং বাকি তিন আসামি পলাতক রয়েছেন৷ মামলায় মোট ছয়জন আসামি দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
গত বছরের ২৯ জুলাই মধ্যরাতে রাজধানীর গুলশান ১ নম্বরে একটি বিপণিবিতানের সামনে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক রিয়াজুলকে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা৷ বিপণিবিতানের ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরায় এ খুনের দৃশ্য ধরা পড়ে৷ ওই রাতেই উত্তরার একটি ক্লিনিক থেকে চিকিত্সাধীন অবস্থায় যুবলীগের দক্ষিণের যুগ্ম সম্পাদক জাহিদ সিদ্দিকী তারেকসহ কয়েকজনকে গ্রেপ্তার করে র্যাব। ৩১ জুলাই রাতে ‘ক্রসফায়ারে’ নিহত হন তারেকসহ দুজন৷
নিহত রিয়াজুলের ভাই মেজর রাশেদুল হক খান তারেকসহ ১১ জনের নাম উল্লেখ করে গুলশান থানায় মামলা করেন৷