সিআইডিকে অধিকতর তদন্তের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের ফটিকছড়ির ভূজপুরে আওয়ামী লীগের মিছিলে চালানো তাণ্ডবে নিহত মোহাম্মদ রুবেল হত্যা মামলা অধিকতর তদন্ত করতে পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) নির্দেশ দিয়েছেন আদালত।

মামলার বাদীর নারাজি আবেদনের পরিপ্রেক্ষিতে আজ বুধবার চট্টগ্রামের জ্যেষ্ঠ বিচারিক হাকিম কুদরত ই এলাহী এ আদেশ দেন।

গত ২১ জুলাই মামলার বাদী নিহত হওয়া ব্যক্তির মামা জামাল পাশা শওকত পুলিশের দেওয়া অভিযোগপত্রের বিরুদ্ধে নারাজি দিয়ে অধিকতর তদন্তের আবেদন করেন। ৬ আগস্ট এ বিষয়ে শুনানি হয়। আদেশের জন্য ১৩ আগস্ট তারিখ ধার্য করেন আদালত। আজ আদেশ দেন আদালত।

চট্টগ্রাম জেলা পাবলিক প্রসিকিউটর (পিপি) আবুল হাশেম প্রথম আলোকে বলেন, বাদীর নারাজি আবেদন গ্রহণ করে মামলাটি অধিকতর তদন্তে সিআইডিকে নির্দেশ দিয়েছেন আদালত। আলোচিত এ মামলায় ঘটনার প্রত্যক্ষদর্শীদের সাক্ষী করেনি পুলিশ। এতে আসামিদের বিরুদ্ধে আদালতে অপরাধ প্রমাণ করা যাবে না। অভিযোগপত্র দাখিলের আগে মামলার বাদীকে জানানো হয়নি। এমনকি রাষ্ট্রপক্ষের কৌঁসুলির কাছ থেকেও কোনো মতামত নেওয়া হয়নি। ঘটনায় জড়িত প্রকৃত অনেক আসামিকে বাদ দিয়ে নিরীহ লোকদের আসামি করেছে পুলিশ। অভিযোগপত্রের এসব ত্রুটি আদালতের সামনে উপস্থাপন করে মামলাটি অধিকতর তদন্তের জন্য বলা হয়েছিল শুনানিতে।

গত বছরের ১১ এপ্রিল ফটিকছড়ির ভূজপুরে আওয়ামী লীগের মিছিলে চালানো তাণ্ডবের সময় পিটিয়ে হত্যা করা হয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের তিন নেতা-কর্মীকে।

এ ছাড়া তাঁদের বহরে থাকা দেড় শতাধিক মোটরসাইকেল, ফায়ার সার্ভিসের একটি গাড়ি, পাঁচটি মাইক্রোবাস ও প্রাইভেট কার, তিনটি পিকআপ ও চারটি চাঁদের গাড়ি পুড়িয়ে দেয় হামলাকারীরা। আহত হন দলের প্রায় শতাধিক নেতা-কর্মী।

এ ঘটনায় নিহত তিন ব্যক্তির পরিবার, থানার পুলিশ ও  ফায়ার সার্ভিসের পক্ষে পাঁচটি মামলা দায়ের করা হয়। এর মধ্যে তিনটি হত্যা মামলা। এসব মামলায় আসামি করা হয় ১৬ হাজার ৪৭১ জনকে। মামলায় ৪৭১ জনের নাম উল্লেখ করা হয়েছে। বাকিদের অজ্ঞাত আসামি করা হয়েছে।

আদালত সূত্রে জানা যায়, রুবেল হত্যা মামলায় ভূজপুর থানা জামায়াতের সাবেক আমির শফিউল আলম নুরী, ফটিকছড়ি উপজেলা জামায়াতের আমির মাওলানা হাবিবুর রহমান ও জাহিদুল ইসলাম মেম্বারসহ ১৯২ জনকে আসামি করে গত ১১ জুন আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।