সিলেট সরকারি মহিলা কলেজের শিক্ষক হারুন-অর-রশিদ হত্যা ঘটনার আলোচিত মামলাটি অবশেষে অধিকতর তদন্তের আদেশ দিয়েছেন আদালত। মামলার অভিযোগপত্রের ওপর নারাজি দরখাস্তের পরিপ্রেক্ষিতে সিলেটের মুখ্য বিচারিক হাকিম আবু সৈয়দ মো. দিলজার হোসেন গত বুধবার এ আদেশ দেন। পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) অধিকতর তদন্ত করতে বলা হয়েছে।আদালত সূত্রে জানা যায়, সিলেট সরকারি মহিলা কলেজের দর্শন বিভাগের প্রধান হারুন-অর-রশিদ ২০১০ সালের ২১ মার্চ কলেজ থেকে বাসায় ফেরার পথে খুন হন। এ ঘটনায় তাঁর শ্যালক আল আজিম সরকার বাদী হয়ে সিলেট কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা করেন। সিআইডি দীর্ঘ তদন্ত শেষে গত ৩ মে আদালতে অভিযোগপত্র দাখিল করে। অভিযোগপত্রে মামলার মূল আসামি আবদুল লতিফ ওরফে কাওসার, তাঁর তিন বন্ধুসহ মহিলা কলেজের দর্শন বিভাগের দুই ছাত্রীকে অভিযুক্ত করা হয়। হত্যার কারণ সম্পর্কে অভিযোগপত্রের বর্ণনার সঙ্গে নিহত শিক্ষকের পরিবারের সদস্যদের দ্বিমত থাকায় গত ১০ মে আদালতে অভিযোগপত্রের বিরুদ্ধে নারাজি দরখাস্ত দাখিল করা হয়।