সিআইডিকে অধিকতর তদন্তের নির্দেশ আদালতের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত বিএনপির নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর বিরুদ্ধে চট্টগ্রামের সীতাকুণ্ড থানায় গাড়ি পোড়ানো ও ভাঙচুরের দুটি মামলার অধিকতর তদন্ত করতে পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) নির্দেশ দিয়েছেন আদালত।

আজ মঙ্গলবার রাষ্ট্রপক্ষের কৌঁসুলির আবেদনের পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম মুখ্য বিচারিক হাকিম মুন্সী মশিউর রহমান এ আদেশ দেন।
চট্টগ্রাম জেলা সরকারি কৌঁসুলি (পিপি) আবুল হাশেম প্রথম আলোকে বলেন, পুলিশের দেওয়া অভিযোগপত্র থেকে চট্টগ্রাম (উত্তর) জেলা বিএনপির আহ্বায়ক আসলাম চৌধুরীসহ আটজনকে অব্যাহতি দেওয়া হয়। গত ১৫ জুন অভিযোগপত্রের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ নারাজি আবেদন করে অধিকতর তদন্তের আবেদন করে। একই সঙ্গে সিআইডিকে দিয়ে মামলা দুটির তদন্তের আবেদন করা হয়। ৩ সেপ্টেম্বর শুনানি শেষে আদালত এ ব্যাপারে আদেশ অপেক্ষামাণ রেখেছিলেন। আজ মুখ্য বিচারিক হাকিম সিআইডিকে দুই মামলার অধিকতর তদন্তের নির্দেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে, ২০১০ সালের ৭ নভেম্বর ঢাকার পল্টনে খালেদা জিয়াকে সভা করতে না দেওয়ার প্রতিবাদে সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া ও সলিমপুর এলাকায় গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও নাশকতা চালানো হয়। এ ঘটনায় করা মামলায় পুলিশ দুই আসামিকে গ্রেপ্তার করে। তাঁরা আদালতে সালাউদ্দিন কাদের চৌধুরীর নির্দেশে গাড়ি পোড়ানো ও ভাঙচুর চালানোর কথা স্বীকার করে জবানবন্দি দেন। পরে এ দুটি মামলায় সাকা চৌধুরীসহ ১১ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। কিন্তু অভিযোগপত্রে আসলাম চৌধুরীসহ আটজনকে বাদ দেওয়ায় নারাজি আবেদন করে রাষ্ট্রপক্ষ।