নারায়ণঞ্জের সাত খুনের ঘটনায় অনুসন্ধান থেকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) অব্যাহতি দেওয়া হয়েছে। প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের পাঁচ বিচারপতির বেঞ্চ হাইকোর্টের আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা দুটি আবেদন গত সোমবার পর্যবেক্ষণসহ নিষ্পত্তি করে আদেশ দেন।
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম গতকাল প্রথম আলোকে বলেন, হাইকোর্টের দেওয়া কয়েকটি নির্দেশনার প্রথমটি ছিল গোয়েন্দা পুলিশ (ডিবি) মামলার তদন্ত করবে। দ্বিতীয় নির্দেশনা ছিল সিআইডি তদন্ত করবে। পরে সিআইডি অনুসন্ধান করবে বলা হয়। আইনের বিধান অনুসারে একটি সংস্থা তদন্ত করবে—এ যুক্তিতে আবেদন করা হয়। আপিল বিভাগ প্রথমটি বহাল ও দ্বিতীয় নির্দেশনাটি বাদ দিয়েছেন। সিআইডিকে তদন্ত বা অনুসন্ধানকাজ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
এদিকে ওই ঘটনা তদন্তে হাইকোর্টের নির্দেশে গঠিত সরকারি তদন্ত কমিটি ও র্যাবের বিভাগীয় তদন্ত কমিটি কার্যক্রমের অগ্রগতি জানিয়ে প্রতিবেদন অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে জমা দিয়েছে। হাইকোর্টে আগামীকাল অগ্রগতি প্রতিবেদনের ওপর শুনানির দিন ধার্য রয়েছে।
গতকাল র্যাব তাদের কার্যক্রমের অগ্রগতি জানিয়ে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে প্রতিবেদন জমা দিয়েছে। সূত্র জানায়, ৮৭ জনের বক্তব্য নেওয়া হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়। পূর্ণাঙ্গ প্রতিবেদনের জন্য এক সপ্তাহ সময় চাওয়া হয়েছে।
গত সোমবার ওই ঘটনা তদন্তে সরকারের গঠিত কমিটির প্রতিবেদন অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে জমা দেওয়া হয়। সূত্র জানায়, এ পর্যন্ত ৩৭৪ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। এখন তা সমন্বয় করা হচ্ছে। প্রতিবেদন প্রণয়নের জন্য চার সপ্তাহ সময় চাওয়া হয়েছে।
নারায়ণগঞ্জে সাতজনকে অপহরণ ও খুনের ঘটনা নিয়ে প্রকাশিত খবর ৫ মে আদালতের নজরে আনেন আইনজীবী শামীম সরদার। প্রতিবেদন বিবেচনায় নিয়ে ৫ মে হাইকোর্টের ওই বেঞ্চ স্বতঃপ্রণোদিত রুল জারির পাশাপাশি কয়েক দফা নির্দেশনাসহ আদেশ দেন।
আদালত জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের নেতৃত্বে সাত সদস্যের কমিটি গঠন, ডিবি ও সিআইডিকে তদন্ত করতে বলা হয়। র্যাবকে বিভাগীয় তদন্ত করতে বলা হয়। এ ছাড়া কার্যক্রম বিষয়ে অগ্রগতি প্রতিবেদন অ্যাটর্নি জেনারেলের মাধ্যমে আদালতে দাখিল করতে বিবাদীদের নির্দেশ দেওয়া হয়। এর ধারাবাহিকতায় বিবাদীরা অগ্রগতি প্রতিবেদন দাখিল করছেন।
তবে ডিবির পাশাপাশি ওই ঘটনায় সিআইডিকে যুক্ত করলে তদন্তে জটিলতা দেখা দিতে পারে দাবি করে রাষ্ট্রপক্ষ সিআইডিকে বাদ দিতে ৯ মে আপিল বিভাগে আবেদন করে। বিষয়টি হাইকোর্টকে অবহিত করতে অ্যাটর্নি জেনারেলকে বলেন আপিল বিভাগ। অ্যাটর্নি জেনারেল তা করেন।
পরে শুনানি নিয়ে রাষ্ট্রপক্ষের আবেদন খারিজ করে ১০ জুলাই হাইকোর্ট শব্দগত সংশোধন করে আদেশ দেন।
এতে সিআইডির তদন্তের (ইনভেস্টিগেশন) জায়গায় অনুসন্ধান (ইনকোয়ারি) হবে বলা হয়। এর বিরুদ্ধে লিভ টু আপিল করে রাষ্ট্রপক্ষ। দুটি আবেদনের শুনানি শেষে গত সোমবার আপিল বিভাগ আদেশ দেন।