পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডির অতিরিক্ত মহাপরিদর্শক মোখলেসুর রহমান বলেছেন, সিআইডি হলো পুলিশের হূৎপিণ্ড। সব ধরনের অপরাধ তদন্তের সক্ষমতা এ সংস্থার রয়েছে। মামলা তদন্তে অপরাধ তদন্ত বিভাগ সিআইডিকে আরও উন্নত ও আধুনিক সংস্থা হিসেবে গড়ে তোলা হচ্ছে।গতকাল শুক্রবার সকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠের পর স্থানীয় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।সিআইডিপ্রধান বলেন, দেশে অপরাধের মাত্রা যাতে ছাড়িয়ে না যায়, সে ব্যাপারে পুলিশ যথাযথ ভূমিকা পালন করছে। পুলিশ এ ব্যাপারে আন্তরিক আছে।থানায় দুজন পরিদর্শক নিয়োগ প্রসঙ্গে তিনি বলেন, ফৌজদারি কার্যবিধি অনুযায়ী একটি থানায় একজনই ভারপ্রাপ্ত কর্মকর্তা থাকবেন। তবে সময়ের দাবির পরিপ্রেক্ষিতে ও জনগণের প্রত্যাশানুযায়ী পুলিশি-সেবা নিশ্চিত করতে তদন্ত-সহায়ক কর্মকর্তা হিসেবে আরেকজনকে পরিদর্শক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এতে জনগণ আরও উপকৃত হবে।পুলিশ সুপার আবদুল কুদ্দুস আমিন, জেলা আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রীর নিজের নির্বাচনী এলাকার প্রতিনিধি মোহাম্মদ আলী খান আবু মিয়া, সাধারণ সম্পাদক চৌধুরী এমদাদুল হকসহ স্থানীয় পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।