সিআইডিকে তদন্ত থেকে বাদ দিতে আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে সাতজনকে অপহরণ ও খুনের ঘটনায় করা মামলার তদন্ত কার্যক্রম থেকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) বাদ দিতে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। আদেশের এ-সংক্রান্ত অংশটুকু সংশোধন চেয়ে আবেদনটি করা হয়।

হাইকোর্টের নির্দেশে গোয়েন্দা বিভাগের (ডিবি) পাশাপাশি সিআইডি মামলার তদন্ত কার্যক্রম পরিচালনা করে আসছিল।
আজ বুধবার বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে বিবাদীদের কার্যক্রমের অগ্রগতি প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। শুনানির শুরুতে আদালতে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ওই বিষয়টি উপস্থাপন করেন। পরে আদালত কাল বৃহস্পতিবার আবেদনের ওপর শুনানির দিন ধার্য করেন।
এর আগে গতকাল মঙ্গলবার আদালতের নির্দেশ অনুসারে ওই ঘটনা তদন্তে গঠিত সরকারি তদন্ত কমিটির প্রতিবেদন ছাড়াও র্যাব ও পুলিশের মহাপরিদর্শকের পক্ষ থেকে কার্যক্রমের অগ্রগতি প্রতিবেদন অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে পৌঁছে। আজ সিআইডি কার্যক্রমের অগ্রগতি জানিয়ে প্রতিবেদন জমা দেয়। এ বিষয়ে আজ শুনানির দিন ধার্য ছিল।
বেলা তিনটা ২০ মিনিটের দিকে শুনানির জন্য বিষয়টি উত্থাপিত হলে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, আদেশের একটি অংশ (সিআইডির তদন্ত) স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করেছিল। চেম্বার বিচারপতি বিষয়টি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠান। নিয়মিত বেঞ্চ এ ব্যাপারে হাইকোর্ট বেঞ্চে আবেদন করার পরামর্শ দেন। এ অনুযায়ী আদালতে আবেদন করা হয়েছে। ফৌজদারি কার্য পদ্ধতি অনুযায়ী একই মামলায় দুটি তদন্ত সংস্থা একসঙ্গে তদন্ত করতে পারে না।
এ সময় আদালত বলেন, এ ব্যাপারে আমরা আগেও কথা বলেছি। আমরা এমনভাবে শব্দ চয়ন করেছি যেন তদন্তে কোনো ধরনের জটিলতা না হয়। একটির সঙ্গে অন্যটি সাংঘর্ষিক যাতে না হয় সে জন্য আমরা আদেশ দিয়েছি। প্রত্যেকেই স্বতন্ত্রভাবে তদন্ত করবে। এ সময় আদালত চারটি অগ্রগতি প্রতিবেদন উপস্থাপন করতে বলেন।
তিনটা ৩৫ মিনিটের দিকে মাহবুবে আলম বলেন, আদালতের কার্য সময় শেষ হয়ে গেছে। এ পর্যায়ে আদালত চারটি প্রতিবেদন কাল বৃহস্পতিবার উপস্থাপনের দিন ধার্য করে বলেন, কাল (বৃহস্পতিবার) রাখা হলো। এ সময় অ্যাটর্নি জেনারেলের সঙ্গে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ এস এম নাজমুল হক।

নূর হোসেন প্রসঙ্গ
ওই মামলার আসামি নূর হোসেনকে ভারত থেকে ফিরিয়ে আনা যাবে কি না—সাংবাদিকদের প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, নূর হোসেনের বিষয়ে ভারতের আদালতে মামলা বিচারাধীন। ওই মামলা প্রত্যাহার বা স্থগিত করার ব্যাপারে ভারত সরকার কী পদক্ষেপ নেন তার ওপর নির্ভর করছে তাঁকে দ্রুত দেশে ফিরিয়ে আনার বিষয়টি। তিনি বলেন, আমাদের আদালত সার্বভৌম। বিদেশে তাঁদের আদালতও সার্বভৌম। নূর হোসেনকে ফিরিয়ে আনার বিষয়ে ওই দেশের আদালতকে নির্দেশ দিতে পারেন না। তবে ওই দেশের সরকার তাঁর মামলা বাতিল বা প্রত্যাহার করলে নূর হোসেনকে ফিরিয়ে আনা যেতে পারে। এটা করতে হলে কূটনৈতিক মাধ্যমে করা যেতে পারে।
নারায়ণগঞ্জে সাতজনকে অপহরণ ও খুনের ঘটনা নিয়ে প্রকাশিত প্রতিবেদন বিবেচনায় নিয়ে ৫ মে হাইকোর্টের ওই বেঞ্চ স্বতঃপ্রণোদিত রুল জারির পাশাপাশি অন্তর্বর্তীকালীন নির্দেশ দেন। এতে সাতজনকে অপহরণ ও হত্যার ঘটনায় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যদের কোনো গাফিলতি আছে কি না, এটিসহ পুরো ঘটনা তদন্তে জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে সাত সদস্যের কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি বিভাগীয় তদন্ত করতে র্যাবের মহাপরিচালক এবং গোয়েন্দা বিভাগের (ডিবি) পাশাপাশি সিআইডিকে (অপরাধ তদন্ত বিভাগ) মামলা তদন্তের নির্দেশ দেওয়া হয়।
গত ২৭ এপ্রিল দুপুুরে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড থেকে অপহূত হন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র ও কাউন্সিলর নজরুল ইসলাম ও জ্যেষ্ঠ আইনজীবী চন্দন সরকারসহ সাতজন।