নারায়ণগঞ্জে সাতজনকে অপহরণ ও খুনের মামলার তদন্ত কার্যক্রম থেকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) বাদ দেওয়ার জন্য আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। হাইকোর্টের নির্দেশে গোয়েন্দা বিভাগের (ডিবি) পাশাপাশি সিআইডি ওই মামলার তদন্ত কার্যক্রম পরিচালনা করছিল।
বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে গতকাল বুধবার বিবাদীদের কার্যক্রমের অগ্রগতি প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। শুনানির শুরুতে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আবেদনটি উপস্থাপন করেন। আদালত আজ বৃহস্পতিবার শুনানির দিন ধার্য করেন।
আদালতের নির্দেশ অনুসারে ওই ঘটনা তদন্তে গঠিত সরকারি তদন্ত কমিটি, র্যাব ও পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) পক্ষ থেকে কার্যক্রমের অগ্রগতি প্রতিবেদন গত মঙ্গলবার অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে পেঁৗছায়। গতকাল সিআইডি অগ্রগতি প্রতিবেদন দেয়।
গতকাল শুনানির জন্য বিষয়টি উত্থাপিত হলে অ্যাটর্নি জেনারেল বলেন, আদেশের একটি অংশ (সিআইডির তদন্ত) স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করেছিল। চেম্বার বিচারপতি বিষয়টি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠান। নিয়মিত বেঞ্চ এ ব্যাপারে সংশ্লিষ্ট বেঞ্চে আবেদন করতে বলেন। সে অনুযায়ী আবেদন করা হয়েছে।
আদালত বলেন, এ ব্যাপারে আমরা আগেও বলেছি। এমনভাবে শব্দ চয়ন করেছি যেন তদন্তে কোনো ধরনের জটিলতা না হয়। একটির সঙ্গে অন্যটি সাংঘর্ষিক যাতে না হয়, সে জন্য আদেশ দিয়েছি। প্রত্যেকেই স্বতন্ত্রভাবে তদন্ত করবে। আদালত অগ্রগতি প্রতিবেদন উপস্থাপন করতে বলেন।
বেলা তিনটা ৩৫ মিনিটের দিকে মাহবুবে আলম বলেন, আদালতের কার্যসময় শেষ হয়ে গেছে। এ পর্যায়ে আদালত বলেন, কাল (আজ বৃহস্পতিবার) দিন রাখা হলো। অ্যাটর্নি জেনারেলের সঙ্গে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ এস এম নাজমুল হক।
পরে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম নিজ কার্যালয়ে সাংবাদিকদের বলেন, ফৌজদারি মামলার তদন্ত দুটি সংস্থা দিয়ে করা আইনগতভাবে সঠিক নয়। এতে বিচারকাজ ক্ষতিগ্রস্ত হতে পারে। ডিবির কাছে সব আলামত, তারাই এই কাজটা করুক। সিআইডিকে অব্যাহতি দেওয়া হোক। আজ বৃহস্পতিবার এ আবেদনের শুনানি হবে।
এ মামলার প্রধান আসামি নূর হোসেনকে ভারত থেকে ফিরিয়ে আনা যাবে কি না, সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, নূর হোসেনের বিষয়ে ভারতের আদালতে মামলা বিচারাধীন। ওই মামলা প্রত্যাহার বা স্থগিত করার ব্যাপারে ভারত সরকার কী পদক্ষেপ নেয়, এর ওপর নির্ভর করছে তাঁকে দ্রুত দেশে ফিরিয়ে আনার বিষয়টি।
গত ২৭ এপ্রিল দুপুরে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড থেকে অপহৃত হন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাম, জ্যেষ্ঠ আইনজীবী চন্দন সরকারসহ সাতজন। বন্দর উপজেলায় শীতলক্ষ্যা নদী থেকে ৩০ এপ্রিল তাঁদের ছয়জনের এবং পরদিন একজনের লাশ উদ্ধার করা হয়।