সিআইডিকে দিয়ে অধিকতর তদন্তের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শামছুদ্দিন মিলন হত্যাকাণ্ড
শামছুদ্দিন মিলন হত্যাকাণ্ড

নোয়াখালীর কোম্পানীগঞ্জের কিশোর শামছুদ্দিন মিলনকে ‘ডাকাত সাজিয়ে’ পিটিয়ে হত্যা মামলায় গোয়েন্দা পুলিশের (ডিবি) দেওয়া চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করা হয়নি। মামলাটি অধিকতর তদন্তের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) আদেশ দিয়েছেন আদালত।
গতকাল বৃহস্পতিবার মামলার বাদী ও তদন্ত কর্মকর্তার (ওসি-ডিবি নোয়াখালী) উপস্থিতিতে চূড়ান্ত প্রতিবেদনের ওপর শুনানি শেষে নোয়াখালীর ২ নম্বর আমলি আদালতের জ্যেষ্ঠ বিচারিক হাকিম ফারহানা ভূঁইয়া এ আদেশ দিয়েছেন।
২০১১ সালের ২৭ জুলাই কোম্পানীগঞ্জের চর কাঁকড়া ইউনিয়নের কিশোর মিলনকে (১৬) ডাকাত সাজিয়ে পিটিয়ে হত্যা করা হয়। পুলিশ গাড়িতে করে এনে উন্মত্ত জনতার হাতে এই কিশোরকে ছেড়ে দেয়। সেখানে পুলিশের উপস্থিতিতে তাকে পিটিয়ে হত্যা করা হয়। পুলিশের গাড়ি থেকে তাকে নামিয়ে দেওয়াসহ পুরো ঘটনাটির ভিডিও প্রকাশিত হলে তা দেশজুড়ে আলোড়ন তোলে।
অথচ হত্যা মামলা না চালাতে নিহত কিশোর মিলনের পরিবারের ওপর চাপের পাশাপাশি ছিল প্রলোভন। চলে তদন্ত বিলম্বিত করার কৌশল। ৫২ বার আদালত থেকে সময় নিয়ে তদন্ত দীর্ঘায়িত করা হয়। ১০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া, মিলনের ছোট ভাইকে পুলিশে চাকরি দেওয়া এবং বাবাকে বৈধভাবে বিদেশে পাঠানোর লোভ দেখিয়ে হত্যা মামলা চালানো থেকে পরিবারকে বিরত রাখার চেষ্টা করে পুলিশ। পরে পুলিশের পরামর্শে গত বছরের ২৪ ডিসেম্বর মিলনের মা মামলার বাদী কোহিনুর বেগম আদালতে ‘এজাহারনামীয় ও সন্দিগ্ধ ধৃত আসামিদের বিরুদ্ধে অভিযোগ নাই; আসামিরা অভিযোগের দায় হইতে মুক্তি পাইতে ও চূড়ান্ত নিষ্পত্তিতে কোনো আপত্তি নাই ও থাকিবে না’ মর্মে আবেদন করেন। এ জন্য পরিবারটিকে পাঁচ লাখ টাকাও দেওয়া হয়।
এ নিয়ে গত ২৭ জুলাই প্রথম আলোয় ‘বিচার মাটিচাপা দিল পুলিশ’ শিরোনামে প্রতিবেদন প্রকাশ করা হয়।
জানতে চাইলে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) এ টি এম মহিব উল্যাহ গতকাল প্রথম আলোকে বলেন, মামলার বাদী ও তদন্ত কর্মকর্তার বক্তব্য শোনার পর আদালত ঘটনাটি অধিকতর তদন্ত করে সিআইডি নোয়াখালীকে প্রতিবেদন দাখিলের আদেশ দিয়েছেন। আগামী ২৮ ডিসেম্বর মামলার পরবর্তী ধার্য তারিখে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
আদালত প্রাঙ্গণে মিলনের মা কোহিনুর বেগম সাংবাদিকদের বলেন, ‘আমি চার বছর ধরে বিচারের জন্য ঘুরেছি, পাইনি। এখন আর বলার কিছু নেই।’
মিলন হত্যা মামলার সর্বশেষ তদন্ত কর্মকর্তা ওসি-ডিবি মো. আতাউর রহমান ভূঁইয়া গত জুলাই মাসে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন। প্রতিবেদনে বাদীর মামলা না চালানোর আবেদনের বিষয়টি উল্লেখ করেন। চূড়ান্ত প্রতিবেদনে বলা হয়, ‘এজাহারে বর্ণিত ঘটনা সত্য বলিয়া প্রাথমিকভাবে প্রমাণিত হইলেও কে বা কাহারা উক্ত ঘটনা করিয়াছে, উহা প্রমাণ করার মতো পর্যাপ্ত সুনির্দিষ্ট কোনো সাক্ষ্য-প্রমাণ না পাওয়ায় ভবিষ্যতে মামলা প্রমাণ করার মতো সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেলে মামলাটি পুনরুজ্জীবিত করা সাপেক্ষে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করা হইল।’
বাদীপক্ষের আইনজীবী কল্পনা রানী দাস প্রথম আলোকে বলেন, এখন থেকে মামলার বাদীকে আইনি সহায়তা দেবে বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি। ন্যায়বিচারের স্বার্থে মিলন হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া প্রয়োজন।