বাড়ি ও কার্যালয়ে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অভিযানের পর থেকে আত্মগোপনে আছেন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের সভাপতি মতিউর রহমান ওরফে সুন্দর মতি৷ সিআইডি গত বুধবার দুপুর ১২টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত সিদ্ধিরগঞ্জের আইলপাড়ায় মতিউরের বাড়ি ও কার্যালয়ে তল্লাশি চালায়।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর ও প্যানেল মেয়র নজরুল ইসলামসহ অপহৃত সাতজনের লাশ উদ্ধারের পর নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম সাংবাদিকদের কাছে অভিযোগ করেছিলেন, নজরুলদের অপহরণকাজে ব্যবহৃত দুটি মাইক্রোবাস ঘটনার দিন (গত ২৭ এপ্রিল) মতিউরের বািড়র সামনে থেকে বেরিয়েছিল। খুিনদের সঙ্গে তাঁর যোগসাজশ আছে।
এ অভিযোগ আমলে নিয়েছে সিআইডি৷ সিআইডির নারায়ণগঞ্জের সহকারী পুলিশ সুপার এহসানউদ্দিন চৌধুরী গত বুধবার সন্ধ্যায় সাংবাদিকদের বলেন, তদন্তের অংশ হিসেবে মতিউর রহমানের বাসা ও কার্যালয়ে তল্লাশি চালানো হয়েছে। কিন্তু তাঁর কার্যালয়ের বাইরে লাগানো ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরায় সিআইডিকে আসতে দেখে তিনি পালিয়ে যান। সাত খুনের মামলার প্রধান আসামি নূর হোসেনের পক্ষে মতিউর আদমজী ইপিজেডে ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ করতেন। নজরুলের সঙ্গে অপহৃত ও খুন হওয়া মনিরুজ্জামান স্বপন গত ফেব্রুয়ারি মাসে আদমজী ইপিজেডের মহাব্যবস্থাপকের কাছে লেখা আবেদনে অভিযোগ করেছিলেন, নূর হোসেন ও মতিউর ইপিজেডের বিভিন্ন কারখানার সরবরাহকারী, ঠিকাদারদের প্রবেশে বাধা দিচ্ছেন এবং মালামাল ছিনিয়ে নিচ্ছেন।
নূর হোসেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউিন্সলর এবং সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সহসভাপতি৷
সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ জানিয়েছে, মতিউর রহমান এলাকায় দুর্ধর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত৷ তাঁর বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় তিনটি হত্যাসহ ২০টি মামলা রয়েছে। এ ছাড়া তাঁর বিরুদ্ধে কয়েক শ জিডি রয়েছে।
মুঠোফোনে যোগাযোগ করা হলে মতিউর গতকাল বৃহস্পতিবার সকালে প্রথম আলোকে বলেন, কার্যালয়ে বসে সিসি ক্যামেরায় সিআইডিকে আসতে দেখে তিনি সরে যান। সাতজন খুনের সঙ্গে তাঁর কোনো সম্পৃক্ততা নেই। তাঁর বাড়ির রাস্তা সরু হওয়ায় সেখানে মাইক্রোবাস ঢুকতে পারে না। তিনি বর্তমানে নিজ বািড়তে না থাকলেও এলাকাতেই আছেন৷