২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় সাক্ষী সিআইডির পরিদর্শক আবু হেনা মোহাম্মদ ইউসুফকে গতকাল সোমবার ২৮ জন আসামির পক্ষে জেরা করা হয়েছে।গতকাল ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এর বিচারক শাহেদ নুরউদ্দিনের আদালতে এ জেরা সম্পন্ন হয়। এর আগে পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) খোদা বখশ চৌধুরীর পক্ষে তাঁকে জেরা করা হয়েছিল। তারেক রহমানসহ বাকি ১৯ আসামির পক্ষে জেরা করার জন্য আগামী ১০ জুন তারিখ ধার্য করেছেন আদালত।গতকাল সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের আইনজীবী মাহবুবুর রহমানের জেরার জবাবে সিআইডির আবু হেনা বলেন, মামলাটি তদন্তের সময় তিনি সিআইডিতে ছিলেন। প্রথম অভিযোগপত্রের বিষয়ে জানতেন কি না, এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘জানতাম।’বাবরের আইনজীবী বলেন, ‘মুফতি হান্নানের জবানবন্দির কথা বলেছেন, তা প্রথম অভিযোগপত্রের আগে কি না?’ জবাবে আবু হেনা বলেন, ‘আগে।’জেরায় আবু হেনা বলেন, মুফতি হান্নানের কাছ থেকে তথ্য পাওয়ার পর লুৎফুজ্জামান বাবরের সঙ্গে তাঁর কোনো আলাপ হয়নি।আইনজীবী বলেন, ‘আপনি বলেছেন, তারেক জিয়া মুফতি হান্নানকে আশ্বাস দেওয়ার পর তৎকালীন প্রতিমন্ত্রী বাবরকে নির্দেশ দেন। এটা ঠিক নয়।’ আবু হেনার জবাব, ‘আমি যা বলেছি, তা সত্য।’আইনজীবী বলেন, ‘ছয় বছরের অধিক সময় পর একটা অসত্য বিষয়ে বলানোর জন্য তদন্ত কর্মকর্তা আবদুল কাহার আকন্দ আপনার জবানবন্দি গ্রহণ করেন।’ আবু হেনা বলেন, ‘ইহা সত্য নয়।’আবু হেনাকে সাবেক দুই আইজিপি আশরাফুল হুদা ও শহুদুল হকের আইনজীবী টি এম আকবর জেরা করতে অস্বীকার (ডিকলাইন) করেন। রাষ্ট্রপক্ষে এ মামলার প্রধান কৌঁসুলি সৈয়দ রেজাউর রহমানকে সহায়তা করেন আইনজীবী আবুল কালাম ও আকরাম উদ্দিন।ঢাকা কেন্দ্রীয় কারাগারের পাশে স্থাপিত বিশেষ এজলাসে এই মামলার বিচারকাজ চলছে। গতকাল সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদসহ কারাগারে থাকা ২৬ আসামিকে আদালতে হাজির করা হয়। জামিনে থাকা সাত আসামিও আদালতে উপস্থিত ছিলেন। এ মামলায় তারেক রহমানসহ ১৯ জন পলাতক।