২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় বিস্ফোরক দ্রব্য আইনে করা মামলায় সিআইডির পরিদর্শক আবু হেনা মোহাম্মদ ইউসুফকে জেরা করেছেন আসামি তারেক রহমানসহ ১২ জনের আইনজীবী। এর আগে আবু হেনাকে হত্যাসংক্রান্ত মামলায় জেরা করা হয়। গতকাল রোববার জেরা শেষ না হওয়ায় ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এর বিচারক শাহেদ নুর উদ্দিন আজ সোমবার বাকি জেরার দিন ধার্য করেন। ঢাকা কেন্দ্রীয় কারাগারের পাশে স্থাপিত বিশেষ এজলাসে এই মামলার বিচারকাজ চলছে।মুফতি হান্নানের আইনজীবী লুৎফর রহমান পুলিশের কাছে দেওয়া আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি সাক্ষ্য হিসেবে না নেওয়ার বিষয়ে আবেদন করেন। আবেদনে দাবি করা হয়, মুফতি হান্নান পুলিশের কাছে কোনো স্বীকারোক্তি দেননি। আদালত ওই আবেদন গ্রহণ না করে আইনজীবীকে জেরা করতে বলেন।পলাতক আসামি তারেক রহমানের পক্ষে আবু হেনাকে জেরা করেন সরকারি খরচে নিযুক্ত আইনজীবী আবুল কালাম মোহাম্মদ আকতার হোসেন। জেরায় আবু হেনা বলেন, তিনি ঘটনার সময় রমনা জোনে সিআইডি পরিদর্শক হিসেবে ছিলেন। গতকাল অন্য যাঁদের পক্ষে জেরা করা হয়, তাঁরা হলেন জামায়াত নেতা আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ, হারিছ চৌধুরী, আবদুর রহিম, রেজ্জাকুল হায়দার, মো. হানিফ, মুফতি মফিকুর রহমান, জাহাঙ্গীর আলম বদর, মহিবুল্লাহ মুত্তাকিন, মো. ইকবাল, মো. খলিল। এ মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ভাগনে লে. কমান্ডার (অব.) সাইফুল ইসলাম ডিউক, জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদসহ ২৬ জনকে আদালতকে হাজির করা হয়।