সিআইডির জিজ্ঞাসাবাদ চলছে, বোর্ড কর্মকর্তার লিখিত বক্তব্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী সোহাগী জাহান তনু হত্যার ঘটনায় আরও তিনজনকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এ ছাড়া সিআইডির কাছে লিখিত বক্তব্য দিয়েছেন কুমিল্লা ক্যান্টনমেন্ট বোর্ডের নির্বাহী কর্মকর্তা মনিরুল ইসলাম।
গতকাল শনিবার দুপুরে দেওয়া ওই লিখিত বক্তব্যে মনিরুল ইসলাম কী উল্লেখ করেছেন, তা জানা যায়নি। তনুর বাবা ইয়ার হোসেন ওই বোর্ডের অফিস সহকারী। এ কারণেই মনিরুল ইসলামের বক্তব্য নেওয়া হয়েছে বলে সিআইডি সূত্র জানিয়েছে।
সিআইডি সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাত দেড়টা পর্যন্ত একজন সেনাসদস্য, তনুর ভাইয়ের এক বন্ধু ও তনুর এক বন্ধুকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। গত বৃহস্পতি ও শুক্রবার আরও সাতজনকে জিজ্ঞাসাবাদ করা হয়। এর মধ্যে ছিলেন মিলিটারি পুলিশের তিন সদস্য, তনুর এক বান্ধবী ও ছোট ভাইয়ের এক বন্ধু। তবে জিজ্ঞাসাবাদে পাওয়া কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
জিজ্ঞাসাবাদের সময় উপস্থিত ছিলেন সিআইডির বিশেষ পুলিশ সুপার নাজমুল করিম খান, সিআইডির আরেক বিশেষ পুলিশ সুপার ও তদন্ত সহায়ক দলের প্রধান আবদুল কাহার আকন্দ এবং মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক গাজী মোহাম্মদ ইব্রাহীম। নাজমুল করিম খান বলেন, ‘আমরা জিজ্ঞাসাবাদ অব্যাহত রেখেছি। তদন্ত চলছে।’
এদিকে আজ রোববার সিআইডির উপমহাপরিদর্শক (ডিআইজি) মাহবুব মহসিন কুমিল্লায় আসছেন বলে সিআইডি সূত্র জানিয়েছে। তাঁর ঘটনাস্থল পরিদর্শন ও তনুর পরিবারের সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে।
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনুর লাশ কুমিল্লা সেনানিবাসের পাওয়ার হাউসের অদূরে কালভার্টের পাশের জঙ্গলে পাওয়া যায়। এ ঘটনায় তাঁর বাবা মো. ইয়ার হোসেন কুমিল্লার কোতোয়ালি মডেল থানায় অজ্ঞাত ব্যক্তিদের নামে হত্যা মামলা করেন। পুলিশ গত ২১ দিনেও এ মামলার কোনো কিনারা করতে পারেনি।
প্রতিবাদ অব্যাহত: তনুর হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে দেশের বিভিন্ন স্থানে প্রতিবাদ কর্মসূচি অব্যাহত রয়েছে। সংশ্লিষ্ট প্রতিনিধিদের পাঠানো খবরে জানা যায়, উদীচীর পঞ্চগড় জেলা সংসদ গতকাল বেলা ১১টায় শহীদ মিনারের সামনে পঞ্চগড়-ঢাকা মহাসড়কে ঘণ্টাব্যাপী প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করে।
ঠাকুরগাঁওয়ের স্থানীয় শিল্পীরা গতকাল দুপুরে শহরের চৌরাস্তায় প্রতিবাদী গান-কবিতায় তনু হত্যার প্রতিবাদ করেন। ঠাকুরগাঁও জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোট ঘণ্টাব্যাপী এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। জোটের সভাপতি অনুপম কুমার এতে সভাপতিত্ব করেন।
গতকাল সকালে নোয়াখালীর সোনাইমুড়ী প্রেসক্লাবের উদ্যোগে সোনাইমুড়ী বাইপাস সড়কে মানববন্ধন ও কর্মসূচি পালিত হয়। স্থানীয় প্রেসক্লাবের সদস্যরা ছাড়াও পৌর এলাকার বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীসহ শ্রেণিপেশার মানুষ এতে অংশ নিয়ে তনুর হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
সিপিবির সমাবেশ: তনু হত্যাসহ দেশে একের পর এক নারী ধর্ষণ ও হত্যাকাণ্ডের প্রতিবাদে গতকাল বিকেলে রাজধানীর জিগাতলা বাসস্ট্যান্ডে মানববন্ধন ও সমাবেশ করে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। সংগঠনটির এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। এতে বলা হয়, তনুসহ দেশব্যাপী নারী ধর্ষণ ও হত্যাকাণ্ড চললেও সরকার কোনো কার্যকর পদক্ষেপ নিতে পারছে না।