কল্পনা চাকমা অপহরণ মামলায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) দাখিল করা প্রতিবেদন প্রত্যাখ্যান ও সুষ্ঠু বিচারের দাবিতে গতকাল সোমবার রাঙামাটি ও খাগড়াছড়িতে বিক্ষোভ হয়েছে। হিল উইমেন্স ফেডারেশন এই বিক্ষোভ করে।খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় গতকাল সোমবার সকাল ১০টায় ইউপিডিএফ কার্যালয় থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলটি থানা বাজার, উপজেলা পরিষদ কার্যালয়, বাস টার্মিনাল ঘুরে লারমা স্কয়ারে গিয়ে শেষ হয়। এ সময় হিল উইমেন্স ফেডারেশনের উপজেলা শাখার আহ্বায়ক মেনাকী চাকমার সভাপতিত্বে একটি সংক্ষিপ্ত সমাবেশ হয়। সমাবেশে ইউপিডিএফের উপজেলা সংগঠক কিশোর চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাদ্রী চাকমা, নারী জনপ্রতিনিধি গোপাদেবী চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের সহসভাপতি জীবন চাকমা, পিসিপির সহসভাপতি অঙ্কন চাকমা প্রমুখ বক্তব্য দেন। একই সময়ে পানছড়ি উপজেলার কলেজগেট এলাকার বৌদ্ধমন্দিরের মাঠ থেকে মিছিল বের করা হয়। মিছিলটি পানছড়ি বাজার প্রদক্ষিণ করে বাজার মাঠে গিয়ে শেষ হয়। এ সময় সেখানে একটি প্রতিবাদ সমাবেশ হয়। দুপুর ১২টার দিকে মহালছড়ি উপজেলার কলেজগেট এলাকা থেকে একটি মিছিল বের হয়। মিছিলটি বাজার ঘুরে উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। জনসংহতি সমিতি-সমর্থিত পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতি, হিল উইমেন্স ফেডারেশন ও পাহাড়ি ছাত্র পরিষদ রাঙামাটি শহরে মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে। সমাবেশ থেকে গত বছরের ২৬ সেপ্টেম্বর কল্পনা চাকমার অপহরণ ঘটনা নিয়ে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের দাখিল করা চূড়ান্ত প্রতিবেদন বাতিল,দোষী ব্যক্তিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা এবং কল্পনা চাকমার পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান, পার্বত্য সমস্যার স্থায়ী সমাধানসহ বিভিন্ন দাবি জানানো হয়। হিল উইমেন্স ফেডারেশনের নেত্রী কল্পনা চাকমাকে ১৯৯৬ সালের ১২ জুন রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার নিউ লাল্যাঘোনা গ্রামের নিজ বাড়ি থেকে অপহরণ করা হয়। ২০১০ সালের ২১ মে বাঘাইছড়ি থানার তৎকালীন উপপরিদর্শক ফারুক আহমঞ্চদ কল্পনা চাকমা অপহরণ বিষয়ে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন। মামলার বাদী কল্পনা চাকমার ভাই কালিন্দী কুমার চাকমা এই প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি আবেদন জানালে আদালত সিআইডিকে দিয়ে তদন্ত করানোর নির্দেশ দেন। [প্রতিবেদন পাঠিয়েছেন, নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি, খাগড়াছড়ি ও দীঘিনালা প্রতিনিধি]