চিকিৎসক শামারুখ মেহজাবীনের প্রথম মৃত্যুবার্ষিকী আজ শুক্রবার। গত বছরের এই দিনে রাজধানীর ধানমন্ডির ৬ নম্বর রোডের ১৪ নম্বর বাসা থেকে শামারুখের লাশ উদ্ধার করা হয়। পরে এ ঘটনায় শামারুখের বাবা প্রকৌশলী নুরুল ইসলাম তাঁর মেয়েকে হত্যা করার অভিযোগে ধানমন্ডি থানায় একটি হত্যা মামলা করেন।
এদিকে অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ময়নাতদন্ত প্রতিবেদনের ওপরও নারাজি দিয়েছেন মামলার বাদী নুরুল ইসলাম। ওই নারাজির ওপর ২২ নভেম্বর শুনানি হবে।
শামারুখের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, শামারুখ যশোর-৫ (মনিরামপুর) আসনের আওয়ামী লীগ-সমর্থিত সাবেক সাংসদ খান টিপু সুলতানের ছেলের বউ ও হলি ফ্যামিলি মেডিকেল কলেজের ইন্টার্নি চিকিৎসক ছিলেন। শাশুড়ি চিকিৎসক জেসমিন আরা ও স্বামী হুমায়ুন সুলতানের সঙ্গে শামারুখ ঢাকার ওই বাসায় থাকতেন। শামারুখ আত্মহত্যা করেছেন বলে শ্বশুরবাড়ির লোকজন খবর দিলে পুলিশ ওই দিন বাসা থেকে তাঁর লাশ উদ্ধার করে। পরে লাশের প্রথম ময়নাতদন্ত প্রতিবেদনে আত্মহত্যার কথা উল্লেখ করা হয়। এ সময় নুরুল ইসলাম তা প্রত্যাখ্যান করে আদালতে পুনরায় তদন্তের আবেদন জানান। ঢাকা সিএমএম আদালতে গত বছরের ২৫ নভেম্বর মরদেহ উত্তোলন করে পুনঃ ময়নাতদন্তের আদেশ দেন। ৪ ডিসেম্বর আদালতের নির্দেশে লাশ উত্তোলনের পর সুরতহাল প্রতিবেদন ও দ্বিতীয় দফা ময়নাতদন্ত হয়।
শামারুখের দ্বিতীয় ময়নাতদন্তের প্রতিবেদন গত ১৭ ডিসেম্বর মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির এএসপি মুন্সী রুহুল কুদ্দুসের হাতে পৌঁছায়। সেখানে বলা হয়, লাশের পাঁচটি ও অন্যান্য ছয়টি নমুনা পরীক্ষা করা হয় ঢাকার মহাখালী ফরেনসিক ল্যাবে। সেখানে পরীক্ষা-নিরীক্ষায় হত্যা বা আত্মহত্যা কোনো কিছুই বোঝা যায়নি।