সিআইডির পরিদর্শককে জেরা তারেকের আইনজীবীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরিদর্শক আবু হেনা মোহাম্মদ ইউসুফকে গতকাল রোববার তারেক রহমানসহ ১০ আসামির পক্ষে জেরা করা হয়েছে। ১৭ জুন বিএনপি-জামায়াত চারদলীয় জোট সরকারের উপমন্ত্রী আবদুস সালাম পিন্টুসহ কয়েকজনের পক্ষে জেরার পরবর্তী তারিখ ধার্য করা হয়েছে। গতকাল ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এর বিচারক শাহেদ নুরউদ্দিন এ তারিখ ধার্য করেন। ঢাকা কেন্দ্রীয় কারাগারের পাশে স্থাপিত বিশেষ এজলাসে এ মামলার বিচারকাজ চলছে। গত ২৭ মে আবু হেনা মোহাম্মদ ইউসুফ রাষ্ট্রপক্ষে ৬২ নম্বর সাক্ষী হিসেবে সাক্ষ্য দেন। গতকাল তারেক রহমানের পক্ষে আবু হেনাকে জেরা করেন আইনজীবী আবুল কালাম মোহাম্মদ আকতার হোসেন। জেরায় আবু হেনা বলেন, তিনি ঘটনার সময় রমনা জোনে সিঅ*-াইডি পরিদর্শক হিসেবে ছিলেন। —আপনি জবানবন্দিতে বলেছেন, মুফতি হান্নানকে র‌্যাব গ্রেপ্তার করার পর বিভিন্ন সময় তাঁকে জিজ্ঞাসাবাদ করেছেন। —হ্যাঁ।—তারেক রহমান কোনো নির্বাচিত প্রতিনিধি অথবা রাষ্ট্রের কোনো দায়িত্বে ছিলেন? —তারেক রহমান নির্বাচিত প্রতিনিধি ছিলেন না এটা জানি, তবে রাষ্ট্রের কোনো দায়িত্বে ছিলেন কি না, তা বলতে পারব না।—মুফতি হান্নান আপনার কাছে ১৬১ ধারায় জবানবন্দি দেননি? —দিয়েছেন।—মুফতি হান্নান জবানবন্দিতে হাওয়া ভবনে যাওয়ার বিষয়ে কোনো বক্তব্য দেননি। —এটা সঠিক নয়।—গ্রেনেড হামলার পর মুফতি হান্নানকে সহযোগিতা করা হবে বলে যে আশ্বাসের কথা বলা হয়েছে, মুফতি হান্নান তাঁর জবানবন্দিতে বলেননি। —এটা সত্য নয়।—আপনি স্বপ্রণোদিত হয়ে তারেক রহমানকে সম্পৃক্ত করে মুফতি হান্নানকে দিয়ে ফৌজদারি কার্যবিধির ১৬১ ধারায় জবানবন্দি করিয়েছেন—এটা সত্য নয়। এরপর সাবেক উপমন্ত্রী আবদুস সালাম পিন্টু আদালতকে বলেন, তাঁর পক্ষে আইনজীবী খন্দকার মাহবুব হোসেন জেরা করবেন। এ জন্য সময় চান। এ ছাড়া জামিনে থাকা বিএনপির নেতা আরিফুল ইসলামের পক্ষে ফৌজদারি কার্যবিধির ৫৪০-এ ধারায় আবেদন করা হয়। আদালত তা মঞ্জুর করেন। রাষ্ট্রপক্ষে এ মামলার প্রধান কৌঁসুলি সৈয়দ রেজাউর রহমানকে সহায়তা করেন আবুল কালাম ও আকরাম উদ্দিন। আদালত সূত্রে জানা যায়, গতকাল পর্যন্ত ৩৯ জনের পক্ষে জেরা শেষ হয়েছে। আরও ১২ জনের জেরা বাকি আছে। এ মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ভাগনে লে. কমান্ডার (অব.) সাইফুল ইসলাম ডিউক, জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদসহ ২৬ জনকে আদালতে হাজির করা হয়। জামিনে থাকা সাতজন আসামি আদালতে উপস্থিত ছিলেন। তারেক রহমানসহ ১৯ জন পলাতক।