সিআইডির প্রতিবেদন প্রত্যাখ্যান রাঙামাটিতে বিক্ষোভ সমাবেশে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আদিবাসী নেত্রী কল্পনা চাকমা অপহরণের ঘটনায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) দেওয়া তদন্ত প্রতিবেদন প্রত্যাখ্যান করে গতকাল রোববার রাঙামাটি সদর ও নানিয়ারচর উপজেলায় বিক্ষোভ সমাবেশ হয়েছে। এ প্রতিবেদন প্রহসনমূলক বলে আদিবাসী সংগঠনগুলো দাবি করছে।ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) সমর্থিত হিল উইমেন্স ফেডারেশন, পাহাড়ি ছাত্র পরিষদ ও গণতান্ত্রিক যুব ফোরামের নেতা-কর্মীরা এ কর্মসূচি পালন করেন।স্থানীয় সূত্র জানায়, বেলা ১১টায় নানিয়ারচর উপজেলা সদরের বিশ্রামাগারের মাঠ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে নানিয়ারচর বাজার ঘুরে একই স্থানে শেষ হয়। পরে হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি কণিকা দেওয়ানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, ১৭ বছর আগে লে. ফেরদৌসসহ চিহ্নিত অপহরণকারীদের রক্ষায় সরকারের চেষ্টার কারণে নারী ধর্ষণ, হত্যা ও অপহরণ উদ্বেগজনভাবে বেড়ে চলেছে। সমাবেশে বক্তব্য দেন নানিয়ারচর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কুমেন্দু বিকাশ চাকমা, সাবেক্ষ্যং ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সুশীল জীবন চাকমা, সদর ইউপি চেয়ারম্যান বিনয়কৃষ্ণ খীসা, সদস্য সেন্টু চাকমা ও পাহাড়ি ছাত্র পরিষদের উপজেলা শাখার সাধারণ সম্পাদক অনিল চাকমা।প্রায় একই সময় সদর উপজেলার কুতুবছড়ি ইউনিয়নে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়।হিল উইমেন্স ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক কল্পনা চাকমা ১৯৯৬ সালের ১১ জুন মধ্যরাতে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার নিউ লাল্যাঘোনা গ্রামের নিজ বাড়ি থেকে অপহূত হন। ঘটনার জন্য কজইছড়ি সেনাছাউনির তৎকালীন অধিনায়ক লে. ফেরদৌস ও তাঁর সহযোগীদের দায়ী করে আসছে বিভিন্ন আদিবাসী সংগঠন। ২০১০ সালের ২১ মে বাঘাইছড়ি থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) ফারুক আহমদ কল্পনা চাকমা অপহরণ বিষয়ে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন। প্রতিবেদনে অপহরণকারীদের শনাক্ত ও কল্পনা চাকমার অবস্থান সম্পর্কে ধারণা দিতে ব্যর্থ হন তিনি।মামলার বাদী কল্পনা চাকমার ভাই কালিন্দী কুমার চাকমা ওই প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি আবেদন জানালে রাঙামাটির মুখ্য বিচারিক হাকিম আদালত মামলাটি সিআইডিকে তদন্তের নির্দেশ দেন। রাঙামাটি সিআইডির পরিদর্শক মো. শহীদুল্লাহ গত ২৬ সেপ্টেম্বর কল্পনা চাকমার অপহরণ বিষয়ে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন। তদন্তকালে উপযুক্ত সাক্ষ্য-প্রমাণের অভাবে কল্পনা চাকমাকে উদ্ধার করা সম্ভব হয়নি ও তাঁর সঠিক অবস্থান নির্ণয় করা সম্ভব হয়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।