সিআইডির প্রধান হলেন হিমায়েত
পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান হিসেবে দায়িত্ব পেলেন শেখ হিমায়েত হোসেন। এতদিন তিনি আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অতিরিক্ত মহাপরিদর্শক ছিলেন। অন্যদিকে ঢাকা পুলিশ সদর দপ্তরের উপমহাপরিদর্শকের (ডিআইজি) দায়িত্ব দেওয়া হয়েছে সিআইডির অতিরিক্ত ডিআইজি পদে থাকা মোশারফ হোসেনকে। এ দুই পদ ছাড়াও পুলিশের আরও বেশ কয়েকটি পদে রদবদল করে আজ বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী অন্য পদগুলোর মধ্যে সম্প্রতি জাতিসংঘ মিশন থেকে ফেরা চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি এস এম রুহুল আমিনকে রেলওয়ে রেঞ্জ ঢাকা; রেলওয়ে রেঞ্জ, ঢাকার ডিআইজি পদে থাকা মল্লিক ফখরুল ইসলামকে ঢাকার হাইওয়ে পুলিশের ডিআইজি পদে; ঢাকা হাইওয়ে পুলিশের দায়িত্বে থাকা অতিরিক্ত ডিআইজি এস এম কামাল হোসেনকে সিআইডির অতিরিক্ত ডিআইজি; পুলিশের বিশেষ শাখায় (এসবি) থাকা অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আলী মিয়াকে রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি; রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি এম খুরশীদ হোসেনকে ঢাকা পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি করা হয়েছে।
আরেক প্রজ্ঞাপনে জানানো হয়, চট্টগ্রাম রিজার্ভ রেঞ্জ ফোর্সের (আরআরএফ) কমান্ড্যান্ট মোহাম্মদ ইকবাল হোসেনকে দেওয়া হয়েছে পুলিশ স্টাফ কলেজের পুলিশ সুপারের দায়িত্ব; বেতবুনিয়া, রাঙামাটির পিএসটিএস কমান্ড্যান্ট আনোয়ার কামাল ও ঢাকার আরআরএফের দায়িত্বে থাকা মো. শাহরিয়ারকে ঢাকা নৌ পুলিশের পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
এ ছাড়া খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) উপপুলিশ কমিশনার মোহাম্মদ জুলফিকার আলী হায়দার, খুলনার ৩য় এবিপিএন অধিনায়ক মোস্তফা কামাল ও নোয়াখালী পিটিসির পুলিশ সুপার মিয়া মাসুদ করিমকে দেওয়া হয়েছে ঢাকা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পুলিশ সুপারের দায়িত্ব।
সম্প্রতি সুদান মিশনফেরত সরদার রফিকুল ইসলাম হয়েছেন নড়াইলের পুলিশ সুপার। অন্যদিকে নড়াইল পুলিশ সুপারের দায়িত্বে থাকা মোহাম্মদ আবদুল কাদেরকে পাঠানো হয়েছে পুলিশ অধিদপ্তরের টিআর পদে। চাঁপাইনবাবগঞ্জের সাবেক পুলিশ সুপার শিল্প পুলিশ হিসেবে বদলির আদেশপ্রাপ্ত মোহাম্মদ সাজ্জাদুর রহমানকে পাঠানো হয়েছে পুলিশ সুপার পিটিসি, রংপুরে। ঢাকা পুলিশ অধিদপ্তরের এআইজি সাঈদ তরিকুল হাসানকে দেওয়া হয়েছে রাঙামাটির পুলিশ সুপারের দায়িত্ব।
সারদা রাজশাহীর বর্তমান পুলিশ সুপার নওরোজ হাসান তালুকদার ও চট্টগ্রাম আরআরএফের কমান্ড্যান্ট সরদার নুরুল আমিনকে দেওয়া হয়েছে ঢাকা পর্যটন পুলিশের দায়িত্ব।
এর আগে গত ৩০ ডিসেম্বর পুলিশের নতুন মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে অতিরিক্ত মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক এবং একই সঙ্গে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার বেনজীর আহমেদকে র্যাবের মহাপরিচালক এবং হাইওয়ে রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) আছাদুজ্জামান মিয়াকে ডিএমপি কমিশনার করে আরেকটি প্রজ্ঞাপন জারি করেছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়।