সিআইডির ফজলুল কবিরকে জেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রমনা বটমূলে বোমা হামলা মামলায় সিআইডির সহকারী পুলিশ সুপার (এএসপি) ফজলুল কবিরকে আসামিপক্ষের জেরা গতকাল মঙ্গলবার শেষ হয়েছে। ঢাকা দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মোহাম্মদ আনিসুর রহমান আগামী ৩ জানুয়ারি মামলার পরবর্তী তারিখ ধার্য করেন।এ মামলার ৮০ জন সাক্ষীর মধ্যে গতকাল পর্যন্ত ৬০ জনের সাক্ষ্য ও জেরা শেষ হলো। ২০০১ সালের ১৪ এপ্রিল রমনার বটমূলে বাংলা বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলায় ১০ ব্যক্তি নিহত হন। এ ঘটনায় দীর্ঘ তদন্ত শেষে সিআইডি ২০০৮ সালের ২৯ নভেম্বর হরকাতুল জিহাদ (হুজি) নেতা মুফতি আবদুল হান্নানসহ ১৪ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়। অভিযুক্ত আসামিদের মধ্যে হুজির শীর্ষস্থানীয় নেতা মাওলানা শেখ ফরিদ, হাফেজ মাওলানা ইয়াহিয়া, মুফতি আবদুর রউফ, হাফেজ আবু তাহের, মাওলানা আবদুল হান্নান ওরফে সাব্বির, আরিফ হাসান সুমন, শাহাদত উল্লাহ ওরফে জুয়েল কারাগারে আছেন। আরেক আসামি মাওলানা আকবর হোসাইন ওরফে হেলালউদ্দিন এ মামলায় জামিনে থাকলেও অন্য মামলায় কারাগারে আছেন। বাকি আসামি হুজি নেতা মাওলানা তাজউদ্দিন, মুফতি শফিকুর রহমান, মুফতি আবদুল হাই, হাফেজ জাহাঙ্গীর আলম বদর ও মাওলানা আবু বকর পলাতক।