সিআইডির সাবেক তিন কর্মকর্তার অব্যাহতির বিষয়ে শুনানি চলছে
২১ আগস্ট গ্রেনেড হামলা মামলা থেকে অব্যাহতি চেয়ে সিআইডির সাবেক তিন কর্মকর্তা মুন্সি আতিকুর রহমান, রুহুল আমিন ও আবদুর রশিদের শুনানি চলছে। গতকাল বৃহস্পতিবার ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে স্থাপিত দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এর বিশেষ এজলাসে এই শুনানি শুরু হয়। শুনানি শেষ না হওয়ায় বিচারক শাহেদ নূর উদ্দিন আগামী ২৮ ডিসেম্বর পরবর্তী তারিখ ধার্য করেছেন। এ ছাড়া গতকাল আরও দুই আসামি অব্যাহতির আবেদন করেছেন। তাঁরা হলেন, জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের নেতা মুফতি হান্নান ও একই সংগঠনের সদস্য উজ্জ্বল ওরফে রতন। এ নিয়ে গতকাল পর্যন্ত ২৩ জন আসামি অব্যাহতি চেয়ে আবেদন করেছেন। এর আগে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, জামায়াত নেতা আলী আহসান মোহাম্মাদ মুজাহিদসহ ১৮ জনের অব্যাহতির শুনানি শেষ হয়েছে। তারেক রহমানসহ এই মামলার সম্পূরক অভিযোগপত্রভুক্ত ৩০ আসামির বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ অভিযোগ গঠন বিষয়ে শুনানি শেষ করেন গত ৯ অক্টোবর। আসামিপক্ষের শুনানি শুরু হয় ১৩ অক্টোবর।