সিআইডির হেফাজতে 'অপহরণকারী'র মৃত্যু
মানিকগঞ্জের ঘিওর উপজেলায় দেড় বছরের শিশু তানিয়া আক্তারের ‘অপহরণকারী’ আবদুল আজিজ (৩২) পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) হেফাজতে মারা গেছেন।
গত শুক্রবার ভোরে রাজধানীর মালিবাগে সিআইডির কার্যালয়ের একটি সেল থেকে আবদুল আজিজের লাশ উদ্ধার করা হয়। সিআইডির দাবি, আজিজ লুঙ্গি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন।
সিআইডির কর্মকর্তারা জানান, তানিয়াকে শ্বাসরোধে হত্যা করে লাশ মাটিতে পুঁতে রাখা হয় বলে আত্মহত্যার আগে আজিজ তাঁদের কাছে জবানবন্দী দিয়েছেন। এর পরিপ্রেক্ষিতে কর্মকর্তারা গতকাল শনিবার ঘিওরের ধুলন্ডী গ্রামের একটি চকে অনুসন্ধান চালান। তবে লাশের সন্ধান মেলেনি।
ঘিওর থানার পুলিশ ও সিআইডি সূত্র জানায়, ৫ ডিসেম্বর রাত একটার দিকে ধুলন্ডী গ্রামে বাবার বাড়িতে ঘুমন্ত অবস্থায় রুনা আক্তারের মুঠোফোনসহ তাঁর শিশুসন্তান তানিয়াকে অপহরণ করে নিয়ে যায় দুর্বৃত্তরা। এরপর মুঠোফোনে শিশুটির স্বজনদের কাছে তারা তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এ ঘটনায় ওই দিনই শিশুটির নানা ইবাদুল্লাহ খান বাদী হয়েঘিওর থানায় মামলা করেন।
গতকাল শনিবার দুপুরে খোঁজ নিয়ে জানা গেছে, ঢাকার মালিবাগের সিআইডির কার্যালয়ের পরিদর্শক গোলাম মোস্তফার নেতৃত্বে সিআইডির একটি বিশেষজ্ঞ দল ধুলন্ডী গ্রামে তানিয়ার লাশ অনুসন্ধান করতে যায়।
গোলাম মোস্তফা বলেন, মুঠোফোনের সূত্র ধরে বৃহস্পতিবার সন্ধ্যায় একই উপজেলার বেড়াডাঙ্গা গ্রাম থেকে আজিজ ও আনোয়ার হোসেনকে আটক করা হয়। ওই দিনই ঢাকার মালিবাগে সিআইডির কার্যালয়ে নিয়ে তাঁদের জিজ্ঞাসাবাদ করা হয়।
জিজ্ঞাসাবাদে আজিজ জানান, অপহরণ করে নিয়ে যাওয়ার সময় কান্নাকাটি করায় শিশু তানিয়ার মুখ চেপে ধরে রাখা হয়। এতে
শিশুটির মৃত্যু হলে ধুলন্ডী গ্রামের একটি চকে তাকে মাটিচাপা দেওয়া হয়।
মোস্তফা বলেন, জিজ্ঞাসাবাদ শেষে সিআইডি কার্যালয়ের একটি সেলে থাকা আজিজ লুঙ্গি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। শুক্রবার ভোরে তাঁর ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। গতকাল শনিবার ভোরে বেড়াডাঙ্গা গ্রামের বাড়িতে আজিজের লাশ দাফন করা হয়।