সিআইপি কার্ড পেলেন ১১ প্রবাসী বাংলাদেশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রবাসীদের দেশের সূর্যসন্তান হিসেবে উল্লেখ করেছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, রেমিট্যান্স (প্রবাসী আয়) পাঠিয়ে প্রবাসীরা দেশের অর্থনীতি সচল রাখছেন। তাঁদের কারণেই বিশ্ব আর্থিক মন্দা সত্ত্বেও বাংলাদেশে কোনো সংকট হয়নি।
আজ বৃহস্পতিবার দুপুরে ১১ প্রবাসী বাংলাদেশির হাতে সিআইপি (বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি) কার্ড তুলে দিয়ে মন্ত্রী এসব কথা বলেন। প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ে এ উপলক্ষে একটি অনুষ্ঠানের অয়োজন করা হয়।
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব খোন্দকার শওকত হোসেন, অতিরিক্ত সচিব হযরত আলী, জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) মহাপরিচালক বেগম শামছুন নাহারসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

মন্ত্রী মোশাররফ হোসেন বলেন, ‘প্রবাসীরা দেশের গর্ব। আপনারা একেকজন বাংলাদেশের রাষ্ট্রদূত। আপনারাই দেশের মান বাড়াচ্ছেন। তবে গুটিকয়েক প্রবাসী যাঁরা অপকর্ম করে দেশের মানসম্মান নষ্ট করছেন, তাঁদের বিষয়ে আপনারা সচেতন থাকবেন। প্রয়োজনে তাঁদের তালিকা দেন। আমরা তাঁদের বিরুদ্ধে ব্যাবস্থা নেব।’

২০১৩ সালে বৈদেশিক মুদ্রা প্রেরণকারী ক্যাটাগরিতে ১০ জন সিআইপি কাড পেয়েছেন। তাঁরা হলেন দুবাইপ্রবাসী মোহাম্মদ মাহতাবুর রহমান, আবুল কালাম ও মুহাম্মদ আবুল কালাম, যুক্তরাজ্যপ্রবাসী মোহাম্মদ আলী তালুকদার ও মো. আদনান ইমাম, কাতারপ্রবাসী মোহাম্মদ সামছুল আলম, আব্দুল আজিজ খান ও রফিকুল ইসলাম, ওমানপ্রবাসী আবুল কামাল আজাদ ও কাজী সফিকুল ইসলাম। এছাড়া বাংলাদেশি পণ্যের আমদানিকারক ক্যাটাগরিতে রাশিয়াপ্রবাসী মো. ফিরোজ উল আলম সিআইপি কার্ড পেয়েছেন। এই ১১ জনই আগামী এক বছর সিআইপি হিসেবে রাষ্ট্রের বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

অনুষ্ঠানে দুবাইপ্রবাসী মোহাম্মদ মাহতাবুর রহমান সিআইপির সংখ্যা আরও বাড়ানোর অনুরোধ জানান। তিনি বলেন, নিরাপত্তা, বিদ্যুৎ ও জ্বালানির নিশ্চয়তা দিলে দেশে বিনিয়োগ আরও বাড়বে। তিনি রেমিট্যান্স প্রেরণকারী প্রবাসীদের হয়রানি না করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।