সিআর দত্তের ৯০তম জন্মবার্ষিকী উদ্যাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ‘দেশভাগের পর অনেকে এই দেশ ছেড়ে চলে গেছেন। কিন্তু মেজর জেনারেল সিআর দত্ত বীর উত্তম এই দেশে থেকেছেন। যত দিন আছেন, তিনি মাথা উঁচু করেই আছেন। এটাই তাঁর কৃতিত্বের বিষয়।’
রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটায় মেজর জেনারেল (অব.) চিত্তরঞ্জন দত্তের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। মহানগর সর্বজনীন পূজা কমিটি গতকাল এই অনুষ্ঠানের আয়োজন করে। চিত্তরঞ্জন দত্ত, যিনি সিআর দত্ত নামেই অধিক পরিচিত।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আবুল মাল আবদুল মুহিত বলেন, এ রকম লোক দেশের আদর্শ। তাঁরা আমাদের নিরন্তর উৎসাহিত দেন, ভরসা। এঁদের উপস্থিতি সমাজের জন্য অত্যন্ত মঙ্গলকর। এ জন্যই তাঁর প্রতি আমার শ্রদ্ধা নিবেদন করি।’ তিনি বলেন, ‘আজকের এই সম্মাননা অনুষ্ঠানটি যাঁরা উপস্থিত আছেন তা সকলকেই সম্মানিত করেছে। কারণ, আমরা একজন গুণী ব্যক্তিকে তাঁর পাওনাটা দেওয়ার চেষ্টা করেছি। আজ এখানে এসেছি জেনারেল দত্তকে সকলের সামনে স্যালুট জানাতে।’
চিত্তরঞ্জন দত্ত ১৯২৭ সালের ১ ফেব্রুয়ারি হবিগঞ্জের চুনারুঘাটে জন্মগ্রহণ করেন। শিক্ষাজীবন শেষে ১৯৫১ সালে পাকিস্তান সেনাবাহিনীতে যোগ দেন। ১৯৬৫ সালে ভারত-পাকিস্তান যুদ্ধে কৃতিত্বের জন্য তিনি পাকিস্তান সরকার থেকে সংবর্ধনা ও পুরস্কার পান। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে তিনি ৪ নম্বর সেক্টরের দায়িত্বে ছিলেন। মুক্তিযুদ্ধে অনন্য কৃতিত্বের জন্য তাঁকে বীর উত্তম খেতাব দেওয়া হয়।
অনুষ্ঠানে সম্মাননা জানানোর জন্য ধন্যবাদ দিয়ে সি আর দত্ত বলেন, ‘জাতি-ধর্ম-বর্ণনির্বিশেষে সবাই ঐক্যবদ্ধ থাকবেন—এই আমার অনুরোধ। আপনাদের দেখে নিজের গর্ববোধ হচ্ছে।’