সিআরপিএআরপির ওয়েবসাইট উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জলবায়ুর ক্ষতিকর প্রভাব মোকাবিলায় কী ধরনের কার্যক্রম চলছে, সে সম্পর্কিত বিভিন্ন তথ্য ও সংবাদ সবার কাছে সহজলভ্য করতে নতুন একটি ওয়েবসাইট উদ্বোধন করেছে বন বিভাগ। 

আজ সোমবার ক্লাইমেট রিজিলিয়েন্ট পার্টিসিপেটরি এফরেস্টেশন অ্যান্ড রিফরেস্টেশন প্রকল্পের (সিআরপিএআরপি) এ ওয়েবসাইট উদ্বোধন করা হয়।
বাংলাদেশ বন বিভাগের আগারগাঁও অফিসে এক অনুষ্ঠানে বন বিভাগ ও প্রকল্পের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং পরিবেশ ও জলবায়ু বিশেষজ্ঞদের উপস্থিতিতে ওয়েবসাইটটি উদ্বোধন করেন প্রধান বন সংরক্ষক মো. ইউনুস আলী।
জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বনের ওপর জীবিকার জন্য নির্ভরশীলতা বাড়ছে। পাশাপাশি জলবায়ু পরিবর্তনের ফলে দেশে প্রাকৃতিক দুর্যোগ যেমন-বন্যা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, খরা ইত্যাদি দেখা দিচ্ছে। এতে জীববৈচিত্র্য হ্রাস পাচ্ছে এবং প্রতিবেশ সেবার মান হ্রাস পেয়ে জীবিকা ক্ষতিগ্রস্ত হচ্ছে। জলবায়ু পরিবর্তনজনিত এসব প্রতিক্রিয়া মোকাবিলায় বাংলাদেশ বন বিভাগ এবং আরণ্যক ফাউন্ডেশন যৌথভাবে এই প্রকল্প বাস্তবায়ন করছে। প্রকল্পটি কক্সবাজার, চট্টগ্রাম, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, বরিশাল, পটুয়াখালী, বরগুনা ও ভোলা জেলায় বাস্তবায়িত হচ্ছে। বিশ্বব্যাংকের আর্থিক ব্যবস্থাপনায় বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ রিজিলয়েন্ট ফান্ডের অর্থায়নে প্রকল্পটি পরিচালিত হচ্ছে। উপকূলীয় চরাঞ্চল ও পাহাড়ি এলাকায় জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগ মোকাবিলায় জনগণের অংশগ্রহণের মাধ্যমে বন সংরক্ষণ করা এবং বিভিন্ন দেশীয় প্রজাতির গাছ লাগিয়ে নতুন বন সৃষ্টি করাই সিআরপিএআরপি প্রকল্পের মূল উদ্দেশ্য।
সিআরপিএআরপির প্রকল্প পরিচালক উত্তম কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশে বিশ্বব্যাংকের পরিবেশ বিশেষজ্ঞ শাকিল আহমেদ ফেরদৌসি, খাদিজা বিলকিস প্রমুখ।