সিআরপিতে বার্ষিক উন্মুক্ত দিবস পালিত
ঢাকার সাভারের পাক্ষাঘাতগ্রস্ত ব্যক্তিদের পুনর্বাসনকেন্দ্রে (সিআরপি) গতকাল শুক্রবার বার্ষিক উন্মুক্ত দিবস পালিত হয়েছে। সিআরপির কার্যক্রম সম্পর্কে ধারণা দেওয়ার পাশাপাশি প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সুরক্ষা ও বাস্তবায়নে সাধারণ মানুষকে উৎসাহিত করতে প্রতিবছর এ দিবসের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক হারুনুর রশিদ। বেলা ১১টায় বিশেষ দিবস উপলক্ষে সিআরপি প্রাঙ্গণে আয়োজিত মেলা উদ্বোধনের মধ্য দিয়ে উন্মুক্ত দিবস ২০১৭-এর সূচনা করেন তিনি। এ সময় তাঁর সঙ্গে ছিলেন সিআরপির প্রতিষ্ঠাতা ও সমন্বয়কারী ভ্যালেরি টেইলর এবং নির্বাহী পরিচালক শফিকুল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানে ভ্যালেরি টেইলর বলেন, সিআরপির সেবাগুলো সম্পর্কে জানতে আগ্রহী সমাজের সর্বস্তরের মানুষের জন্য প্রতিবছর এই বিশেষ দিনের আয়োজন করা হয়। এই দিনে সিআরপি সবার জন্য উন্মুক্ত থাকে।
মেলায় সিআরপির নিজস্ব সেবা ও তথ্যসংবলিত স্টল থেকে দর্শনার্থীরা সিআরপির সেবা সম্পর্কে ধারণা নেন এবং মেডিকেল সার্ভিসেস উইং কর্তৃক আয়োজিত স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে অংশ নেন।
বিকেলে পুতুলনাচ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সিআরপির উইলিয়াম ও মেরি টেইলর একীভূত স্কুলের বিশেষ শিশুরা নৃত্য পরিবেশন করে। এ ছাড়া কর্মকর্তারা হুইলচেয়ার নাচ এবং বিএইচপিআই ও ভোকেশনাল শিক্ষার্থীরা সংগীত পরিবেশন করেন।
৩৭ বছর ধরে সিআরপি বাংলাদেশে প্রতিবন্ধী ব্যক্তিদের পুনর্বাসনসহ হুইলচেয়ার, অল্প খরচে কৃত্রিম হাত-পা, হাঁটাচলার যন্ত্র, বিশেষ চেয়ারসহ নানা সুবিধা প্রদান করে আসছে।