সিআরপিতে 'ফারাজ হোসেন সেন্টার' উদ্বোধন করলেন এমোরি বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিআরপিতে ‘ফারাজ হোসেন সেন্টার’ উদ্বোধন করেন এমোরি বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষক। ছবি: সাজিদ হোসেন
সিআরপিতে ‘ফারাজ হোসেন সেন্টার’ উদ্বোধন করেন এমোরি বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষক। ছবি: সাজিদ হোসেন

‘ফারাজকে সম্মানিত করতে আমরা প্রায় অর্ধেক পৃথিবী পাড়ি দিয়ে এসেছি। তাঁর কারণে আমরা সম্মানিত বোধ করি। তিনি আমাদের ছাত্র ছিলেন।’

আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে সাভারে পক্ষাঘাতগ্রস্ত ব্যক্তিদের পুনর্বাসন কেন্দ্র সেন্টার ফর দ্য রিহ্যাবিলিটেশন অব দ্য প্যারালাইজডে (সিআরপি) ‘ফারাজ হোসেন সেন্টার’ উদ্বোধন করার সময় এভাবেই নিজের প্রতিক্রিয়া জানালেন ফারাজ আইয়াজ হোসেনের শিক্ষক ও এমোরি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জোসেফ মুন।

বন্ধুত্বের মর্যাদা রাখতে গিয়ে প্রাণ হারানো ফারাজ আইয়াজ হোসেনকে (২০) বন্ধুত্বের এক দৃষ্টান্তমূলক নিদর্শন হিসেবে স্মরণ করা হয়। ফারাজের এই দৃষ্টান্তকে সামনে এগিয়ে নিতে ‘সাহস, বন্ধুত্ব ও মানবিকতা’—এই তিন স্লোগান নিয়ে কাজ শুরু করে ফারাজ হোসেন ফাউন্ডেশন। আজ এই ফাউন্ডেশনের উদ্যোগে সিআরপিতে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য ফারাজ হোসেন সেন্টারের উদ্বোধন করা হয়।

ফারাজ হোসেন সেন্টার উদ্বোধন উপলক্ষে সিআরপির রেডওয়ে হলে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে আসা এমোরি বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষক ক্যাম্পাস লাইফবিষয়ক ডিন জোসেফ মুন, ধর্মশাস্ত্রের অধ্যাপক ডগলাস এ হিকস এবং উন্নয়ন ও অ্যালামনাই সম্পর্কবিষয়ক সহকারী ডিন কেভিন স্মিরল।

‘ফারাজ হোসেন সেন্টার’-এর ভেতর অতিথিরা। ছবি: সাজিদ হোসেন
‘ফারাজ হোসেন সেন্টার’-এর ভেতর অতিথিরা। ছবি: সাজিদ হোসেন

অধ্যাপক ডগলাস এ হিকস বলেন, ‘ফারাজের এই সাহসিকতা, বন্ধুত্বের প্রতি দায়িত্ববোধ আমাদের সম্মানিত করেছে। ফারাজ মনোযোগী ছাত্র ছিলেন। তিনি চুপচাপ শ্রোতা ছিলেন। কিন্তু দিন শেষে তিনি আবার অনেক কথা বলা সবার প্রিয় শিক্ষার্থী হয়ে উঠতেন।’

গ্র্যাজুয়েট শিক্ষাবর্ষ শেষ হওয়ার দুই বছর আগে ২০১৬ সালের ১ জুলাই গুলশানে হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় নিহত হন ফারাজ। এ বছরের সমাবর্তনে ফারাজকে গ্র্যাজুয়েট হিসেবে স্বীকৃতি দিয়েছে এমোরি বিশ্ববিদ্যালয়। যুক্তরাষ্ট্রের আটলান্টার খ্যাতনামা এই বিশ্ববিদ্যালয় তাদের প্রয়াত শিক্ষার্থীর নামে ‘ফারাজ হোসেন কোর ভ্যালু অ্যাওয়ার্ড’ প্রবর্তন করেছে।

‘ফারাজ হোসেন সেন্টার’-এ বিশেষ চাহিদাসম্পন্ন এক শিশু ছবি আঁকছে। ছবি: সাজিদ হোসেন
‘ফারাজ হোসেন সেন্টার’-এ বিশেষ চাহিদাসম্পন্ন এক শিশু ছবি আঁকছে। ছবি: সাজিদ হোসেন

ফারাজ হোসেন সেন্টার উদ্বোধন অনুষ্ঠানে আরও যোগ দেন ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী এবং ফারাজ হোসেনের নানা লতিফুর রহমান, ট্রান্সকম গ্রুপের পরিচালনা পর্ষদের সদস্য ও ফারাজের নানি শাহনাজ রহমান, ফারাজের মা সিমিন হোসেন ও বড় ভাই যারেফ আয়াত হোসেন, ফারাজের খালু আরশাদ হক, খালাতো ভাই মিখাইল হকসহ পরিবারের সদস্যরা।

অনুষ্ঠানে সিআরপির বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা অতিথিদের সামনে নাচ ও গান পরিবেশন করে। ‘আমরা ফারাজ’ লেখা টি-শার্ট ও টুপি পরে ‘উই আর ফারাজ’ বলে স্লোগান দেয় শিশুরা।

অনুষ্ঠানে ফারাজের বড় ভাই যারেফ আয়াত হোসেন বলেন, ছাত্রজীবনে সামাজিক কর্মকাণ্ডের অংশ হিসেবে সিআরপির সঙ্গে যুক্ত ছিলেন ফারাজ হোসেন। তিনি এখানকার শিশুদের সঙ্গে সময় কাটাতে পছন্দ করতেন। এমোরি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষে ফারাজ এখানে ফিরে আসতে চেয়েছিলেন। শুধু বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সেবা করার উদ্দেশ্যে নয়, ফারাজ হোসেনের কাজের ধারাবাহিকতাকে সামনে এগিয়ে নিতেও এ উদ্যোগ নেওয়া হয়েছে।

‘ফারাজ হোসেন সেন্টার’ উদ্বোধনের সময় বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা ‘উই আর ফারাজ’ বলে স্লোগান দেয়। ছবি: সাজিদ হোসেন
‘ফারাজ হোসেন সেন্টার’ উদ্বোধনের সময় বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা ‘উই আর ফারাজ’ বলে স্লোগান দেয়। ছবি: সাজিদ হোসেন

যারেফ আয়াত হোসেন বলেন, ‘মানুষের দুবার মৃত্যু হয়। একবার হয় শারীরিক মৃত্যু—যখন মানুষটির নাম সবাই ভুলে যায়, তখন তাঁর দ্বিতীয় মৃত্যু হয়। এখানে যাঁরা আছেন, তাঁরাসহ আমরা কেউ ফারাজের দ্বিতীয় মৃত্যু হতে দেব না।’

অনুষ্ঠান শেষে সিআরপির নির্বাহী পরিচালক শফিকুল ইসলাম বলেন, মানবসেবার যে স্বপ্ন নিয়ে ভেলরি টেলর ৩৯ বছর আগে সিআরপি প্রতিষ্ঠা করেছিলেন, তাতে আজ এক নতুন মাত্রা যুক্ত হলো।

অনুষ্ঠানের পর শফিকুল ইসলাম দেশ-বিদেশের অতিথিদের সিআরপি ঘুরিয়ে দেখান। প্রথম আলোকে তিনি বলেন, ফারাজ হোসেন সেন্টারটি বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের থেরাপি এবং বিনোদন কেন্দ্র হিসেবে ব্যবহৃত হবে। এখানে ফিজিও, স্পিচ ও অকুপেশনাল থেরাপি দেওয়ার ব্যবস্থা রয়েছে। ১১ একর জমির ওপর প্রতিষ্ঠিত এই সিআরপিতে যেকোনো ধরনের পক্ষাঘাত বা শারীরিক বৈকল্যের চিকিৎসা দেওয়া হচ্ছে। ফারাজ হোসেন ফাউন্ডেশনের এতে অংশগ্রহণ সিআরপির এ কার্যক্রমকে আরও এগিয়ে নিয়ে যাবে।