চট্টগ্রাম নগরের সিআরবি ভবনে রেলের দরপত্র নিয়ে ছাত্রলীগ-যুবলীগের দুই পক্ষে গোলাগুলির ঘটনায় দুজন নিহত হওয়ার মামলার আসামি যুবলীগের নেতা হেলাল আকবর চৌধুরী বাবর ও ছাত্রলীগ নেতা সাইফুল আলম লিমনসহ প্রধান আসামিরা জামিনে বেরিয়ে আসায় সিআরবি ভবনে আতঙ্ক দেখা দিয়েছে।
গতকাল মঙ্গলবার দুই কোটি টাকার দরপত্র জমা নেওয়ার সময়ও নিরাপত্তা জোরদার করা হয়।
গতকাল দুপুরে সিআরবি ভবনে গিয়ে দেখা গেছে, ফতেয়াবাদ-নাজিরহাট রেললাইনের প্ল্যাটফর্ম, ড্রেন, পানি সরবরাহসহ বিভিন্ন কাজের জন্য দুই কোটি টাকার দরপত্র জমা নেওয়া হচ্ছে। রেলওয়ে পূর্বাঞ্চলের টিএসও আবুল কালাম চৌধুরীর কক্ষে পুলিশ প্রহরায় দরপত্র জমা নেওয়া হচ্ছে। তবে জামিনে বেরিয়ে আসা বাবর ও লিমনের কোনো অনুসারীকে দেখা যায়নি। ঘটনাস্থলে উপস্থিত কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মহিবুর রহমান বলেন, বাবর-লিমনসহ আসামিরা জামিনে বেরিয়ে আসায় সিআরবি এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। আজ (মঙ্গলবার) দুই কোটি টাকার দরপত্র জমা নেওয়ার কর্মসূচি রয়েছে। এ জন্য সকাল থেকে সিআরবি ভবনে পুলিশ প্রহরা জোরদার করা হয়েছে। তবে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
উল্লেখ্য, গত ২৪ জুন তিন কোটি টাকার দরপত্র নিয়ে বাবর ও লিমন পক্ষের মধ্যে সংঘর্ষে গোলাগুলির ঘটনায় দুজন নিহত হয়। এ ঘটনায় ৮৭ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় ৩০-৪০ জনকে আসামি করে কোতোয়ালি থানায় মামলা করে পুলিশ। গত ৪ আগস্ট লিমন এবং গত সোমবার বাবরসহ ১৬ আসামি জামিনে বেরিয়ে আসে। তাঁরা জামিনে আসায় সিআরবিতে দরপত্র নিয়ে ফের সংঘর্ষের ঘটনায় নিরাপত্তা জোরদার করা হয়।