সিআরবিতে বর্ষবরণ শুরু
আবার জেগে উঠেছে প্রাণ। আবার জেগেছে প্রান্তর। সুরের মূর্ছনায় শুরু হলো বাঙালির চিরায়ত ঐতিহ্য–সংস্কৃতি বাংলা নববর্ষবরণ। নগরের সিআরবির শিরীষতলায় আজ বৃহস্পতিবার সকাল সাড়ে আটটায় বেহালার সুরে সুরে শুরু হয় বাংলা নববর্ষবরণের অনুষ্ঠান।
ভায়োলিনিস্ট চিটাগংয়ের শিল্পীরা সমবেতভাবে বেহালার মূর্ছনায় রাঙিয়ে দেন নববর্ষের সকালটা। ‘এসো হে বৈশাখ’ গানের সুরে সুরে শুরু হয় বাংলা নববর্ষ আবাহন। এরপর সংগীত ভবন, সুরাঙ্গন বিদ্যাপীঠ, প্রমা আবৃত্তি সংগঠন, বোধন আবৃত্তি পরিষদ, অদিতি সংগীত নিকেতন, সৃজামি, রাগেশ্রীসহ বিভিন্ন সংগঠন সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেয়।
এবার রমজান ও করোনা পরিস্থিতি বিবেচনায় অনুষ্ঠান সীমিত করা হয়। দুপুরের মধ্যে অনুষ্ঠান শেষ করা হবে।
উল্লেখ্য, গত দুই বছর করোনা পরিস্থিতির কারণে বাংলা নববর্ষবরণ অনুষ্ঠান হয়নি। তাই এবার অনুষ্ঠানে সকাল থেকে বিভিন্ন বয়সী নারী-পুরুষ ভিড় করে।