নিরবচ্ছিন্ন ইউরিয়া উৎপাদনের জন্য চাহিদা অনুযায়ী গ্যাস সরবরাহের দাবি জানিয়েছে চট্টগ্রাম ইউরিয়া সার কারখানা লিমিটেডের (সিইউএফএল) শ্রমিক কর্মচারী ইউনিয়ন (সিবিএ)। গতকাল বুধবার কারখানার গেস্টহাউসে আয়োজিত সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে সিবিএর কার্যকরী সভাপতি মো. বজলুর রহমান ভূঞা বলেন, ‘২৫ মাস পর যখন সিইউএফএল ইউরিয়া উৎপাদনে যাচ্ছিল, তখনই গ্যাসের চাপ ও সরবরাহ কমে আসে। এ কারণে কোনোভাবেই চালু করা যাচ্ছে না সরকারি এই কারখানা। এ অবস্থায় আমরা মানসিকভাবে ভেঙে পড়েছি। এভাবে চলতে থাকলে একসময় আমাদের বেতন-ভাতা বন্ধ হয়ে যেতে পারে। তাই বৃহত্তর স্বার্থে এই কারখানায় নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবি করছি।’
সিবিএর সাধারণ সম্পাদক মো. আলম মজুমদার বলেন, প্রায় ৫০ কোটি টাকা ব্যয়ে যাবতীয় রক্ষণাবেক্ষণ কাজ শেষে উৎপাদনপ্রক্রিয়া শুরুর জন্য সরকারি নির্দেশে গত ১৯ জানুয়ারি গ্যাস সরবরাহ করা হয়। কিন্তু চাহিদামতো গ্যাস সরবরাহ না থাকায় কারখানা চালু করা সম্ভব হয়নি।
কারখানা সূত্র জানায়, ২০১৪ সালের সেপ্টেম্বরের শেষ সপ্তাহে যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হয়ে পড়ে ইউরিয়া উৎপাদন। ত্রুটি সারিয়ে ২০১৫ সালের ২৩ জানুয়ারি ইউরিয়া উৎপাদন শুরু হলেও ৮ দিনের মাথায় ইউরিয়া উৎপাদন বন্ধ হয়ে যায়। এরপর থেকে ইউরিয়া উৎপাদন বন্ধ।
সিবিএ নেতারা জানান, এই কারখানার উৎপাদনক্ষমতা প্রতিদিন গড়ে ১ হাজার ৫০০ মেট্রিক টন (৩০ হাজার বস্তা), যার মূল্য দেড় কোটি টাকা। ইউরিয়ার পাশাপাশি কারখানায় অ্যামোনিয়াও উৎপাদিত হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিমানের সিবিএর সাবেক সভাপতি ও আনোয়ারার বৈরাগ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোহাম্মদ সোলায়মান, বারশত ইউপি চেয়ারম্যান এম এ কাইয়ুম শাহ, সিবিএর সহসাধারণ সম্পাদক আনোয়ারুল আজিম, দপ্তর সম্পাদক ইমরান খান ও সিইউএফএল শ্রমিক লীগের সহসভাপতি আবুল বশর।