সিইউএফএলে সংবর্ধনার নামে কর্মচারীদের বেতন থেকে কর্তন!
চিটাগাং ইউরিয়া সার কারখানা লিমিটেডের (সিইউএফএল) শ্রমিক লীগ নেতাদের সংবর্ধনার নামে শ্রমিক কর্মচারীদের জুন মাসের বেতন থেকে অগ্রিম ৩০০ টাকা করে কেটে নেওয়া হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে ৫৭০ জন শ্রমিক-কর্মচারীর কাছ থেকে কর্তৃপক্ষের মাধ্যমে অগ্রিম টাকার চেক নিয়েছে সিবিএ। কাল সোমবার সিইউএফএল কম্পাউন্ডে এই সংবর্ধনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সিইউএফএল সূত্র জানায়, জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় নেতা ও বিসিআইসি ফেডারেশনের নেতাদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সিইউএফএলের সিবিএ এই অনুষ্ঠানের আয়োজক। সূত্র আরও জানায়, সোমবারের অনুষ্ঠানের কারণে সিবিএ নেতারা সিইউএফএল কর্তৃপক্ষের কাছে কর্মচারীদের কাছ থেকে মাথাপিছু ৩০০ টাকা করে কেটে নেওয়ার আবেদন করে ৭ জুন। এই আবেদনের পরিপ্রেক্ষিতে ৫৭০ জন কর্মরত শ্রমিক-কর্মচারীর জুন মাসের বেতন থেকে ৩০০ টাকা করে মোট এক লাখ ৭১ হাজার টাকা কেটে নিয়ে একটি চেক সিবিএ নেতাদের দেয় সিইউএফএল কর্তৃপক্ষ।