সিইউএফএলে ২৯ মাস পর উৎপাদন শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৯ মাস বন্ধ থাকার পর উৎপাদন শুরু হয়েছে চট্টগ্রাম ইউরিয়া সার কারখানায় (সিইউএফএল)। গত মঙ্গলবার রাত ১১টা থেকে কারখানায় ইউরিয়া সার উৎপাদন চলছে। যান্ত্রিক ত্রুটি ও গ্যাস-সংকটের কারণে ২০১৫ সালের ৩১ জানুয়ারি থেকে বন্ধ ছিল উৎপাদন। বাংলাদেশ রসায়ন শিল্প সংস্থার (বিসিআইসি) নিয়ন্ত্রণাধীন এ কারখানা চট্টগ্রাম জেলার আনোয়ারায় অবস্থিত।

কারখানার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আবু তাহের ভূঁইয়া প্রথম আলোকে বলেন, কারখানায় এখন পুরোদমে ইউরিয়া উৎপাদন চলছে।

কারখানা সূত্র জানায়, ২০১৪ সালের সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহে যান্ত্রিক ত্রুটির জন্য কারখানা বন্ধ হয়ে যায়। ত্রুটি সারিয়ে ২০১৫ সালের ২৩ জানুয়ারি আবার শুরু হয় উৎপাদন। কিন্তু আট দিনের মাথায় ৩১ জানুয়ারি বন্ধ হয়ে যায়। এর মধ্যে যান্ত্রিক ত্রুটি সারালেও গ্যাসের সংকট ছিল। সর্বশেষ চলতি বছরের ১৯ জানুয়ারি থেকে গ্যাস পাওয়া গেলেও চাপ ছিল কম। ফলে উৎপাদনে যাওয়া সম্ভব হয়নি। কারখানা চালুর জন্য গ্যাসের চাপ থাকতে হয় ১০০ পিএসআই (চাপ পরিমাপের একক)। গত মঙ্গলবার থেকে পর্যাপ্ত গ্যাস পাওয়া যাচ্ছে।

কারখানার শ্রমিকেরা বলেন, চাহিদা অনুযায়ী গ্যাসের দাবিতে গত ১৫ ফেব্রুয়ারি সংবাদ সম্মেলন করে সার কারখানার শ্রমিক কর্মচারী ইউনিয়ন (সিবিএ)। পরে ১ মে ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীকে স্মারকলিপি দেন তাঁরা।

কারখানা সূত্র জানায়, এ কারখানার উৎপাদন ক্ষমতা প্রতিদিন গড়ে ১ হাজার ৫০০ মেট্রিক টন (৩০ হাজার বস্তা), যার মূল্য দেড় কোটি টাকা। ইউরিয়া সারের বাইরে এই কারখানায় অ্যামোনিয়াও উৎপাদিত হয়।