চিটাগং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের (সিইউএফএল) সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আবদুস সালাম খান গতকাল রোববার ১০ ট্রাক অস্ত্র মামলায় সাক্ষ্য দিয়েছেন। গতকাল তাঁর জেরাও সম্পন্ন হয়েছে। চট্টগ্রামের বিশেষ ট্রাইব্যুনাল-১-এর বিচারক এস এম মজিবুর রহমানের আদালতে এক মাসের বেশি সময় পর গতকাল এই মামলায় আবার সাক্ষ্য নেওয়া হলো। সর্বশেষ গত ১৭ ফেব্রুয়ারি এই মামলার শুনানি হয়। এরপর হরতালের কারণে নির্ধারিত পাঁচ কার্যদিবস শুনানি হয়নি।গতকাল দুপুরে আদালতে আবদুস সালাম খানের সাক্ষ্য গ্রহণ শেষে তাঁকে জেরা করেন সিইউএফএলের তৎকালীন এমডি মহসীন উদ্দিন তালুকদারের আইনজীবী ফজুলল করিম ভূঁইয়া এবং সাবেক মহাব্যবস্থাপক (প্রশাসন) এনামুল হকের আইনজীবী মাহমুদুর রহমান। গতকাল আদালতের কার্যক্রম শুরুর আগে দুপুর সাড়ে ১২টার দিকে কড়া নিরাপত্তাব্যবস্থায় সাবেক শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামী, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ ১১ জনকে এজলাসে হাজির করা হয়।গতকাল কার্যক্রম শেষে আদালত আজ সোমবার পরবর্তী শুনানির দিন ধার্য করেন। তবে আজ চট্টগ্রামে জামায়াতে ইসলামীর সকাল-সন্ধ্যা হরতালের কারণে শুনানির সম্ভাবনা নেই বলে জানান রাষ্ট্রপক্ষের কৌঁসুলি কামাল উদ্দিন আহাম্মদ। এই মামলার অধিকতর তদন্তের সময় তদন্ত কর্মকর্তা সিআইডির এএসপি মো. মনিরুজ্জামানের কাছে জবানবন্দি দেন আবদুস সালাম খান। গতকাল আদালতে দেওয়া সাক্ষ্যে সিইউএফএলের সাবেক এমডি আবদুস সালাম খান বলেন, ‘১০ ট্রাক অস্ত্র আটকের বিষয়ে স্থানীয়দের কাছ থেকে এবং বিভিন্ন মাধ্যমে যা শুনেছি, তা তদন্ত কর্মকর্তাকে বলেছিলাম।’ ২০০৪ সালের ২ এপ্রিল ভোরে বাংলাদেশ রসায়ন শিল্প করপোরেশনের (বিসিআইসি) অধীন সিইউএফএলের জেটিঘাটে ১০ ট্রাক অস্ত্র আটক করে পুলিশ। আবদুস সালাম খান ২০০৭ সালে সিইউএফএলে এমডি হিসেবে যোগ দেন। বর্তমানে তিনি ঘোড়াশাল সার কারখানায় এমডি পদে আছেন।