সিইটিপি মনিটরিং ও অবকাঠামো নির্মাণ শেষ করার নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাভারের ট্যানারি পল্লির কেন্দ্রীয় বর্জ্য পরিশোধনাগার (সিইটিপি) চালু রাখার বিষয়টি তদারকি ও সংশ্লিষ্ট প্রশাসনিক ভবনের অবকাঠামোগত নির্মাণ শেষ করতে বলেছেন হাইকোর্ট। সেই সঙ্গে কঠিন বর্জ্য যাতে তরল বর্জ্যের সঙ্গে না মেশে, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থাও নিতে বলা হয়েছে।

বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি মো. সেলিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) করা আবেদনের শুনানি নিয়ে আজ বৃহস্পতিবার কয়েকটি নির্দেশনাসহ আদেশ দেন। আগামী ১২ নভেম্বর শুনানির পরবর্তী দিন ধার্য করা হয়েছে।

আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী সৈয়দা রিজওয়ানা হাসান। সঙ্গে ছিলেন আইনজীবী আলী মুস্তফা খান। শিল্প মন্ত্রণালয়ের পক্ষে শুনানি করেন আইনজীবী রইস উদ্দিন আহমদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী জিনাত হক।

পরে সৈয়দা রিজওয়ানা হাসান প্রথম আলোকে বলেন, চীনা ঠিকাদারি প্রতিষ্ঠানকে প্রশাসনিক ভবন নির্মাণকাজ শেষ করতে বলা হয়েছে, যাতে সেখান থেকে সিইটিপি কার্যক্রম ২৪ ঘণ্টা তদারকি করা যায়। তরল বর্জ্যে যেন কঠিন বর্জ্যের সঙ্গে না মেশে সে জন্য প্রত্যেক কারখানার পাইপে বায়োস্ক্রিন ও পাইপের মুখে তিন ধরনের ছাঁকনি বসাতে বলা হয়েছে। প্রত্যেক ট্যানারির মালিককে কারখানায় ক্রোমিয়াম ও তরল বর্জ্য জমা রাখার জন্য দুটি ট্যাংক স্থাপন করতে নির্দেশ দেওয়া হয়েছে। তিনি বলেন, ৪ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত সার্বক্ষণিক সিইটিপি চালু রাখার বিষয়টি মনিটরিং করা ও এর তালিকা দাখিল করতে বিসিককে নির্দেশ দেওয়া হয়েছে। চার সপ্তাহের মধ্যে নির্দেশনা বাস্তবায়নের বিষয়ে বিবাদীদের আদালতে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

আইনজীবী রইস উদ্দিন আহমদ প্রথম আলোকে বলেন, শিল্প মন্ত্রণালয় ও বিসিকের পক্ষে কিছু প্রতিবেদন দাখিল করা হয়। আদালত পরিবেশ সম্মতভাবে কাজ চালাতে নির্দেশ দিয়েছেন। প্রশাসনিক ভবনের অসম্পন্ন কাজ চার সপ্তাহের মধ্যে চীনা ঠিকাদারি প্রতিষ্ঠানকে শেষ করতে নির্দেশ দিয়েছেন। বর্জ্য শোধনাগার মনিটরিং করে বিসিককে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

আবেদনকারী পক্ষ জানায়, চীনা কোম্পানি জেএলইপিসিএল সাভারের ট্যানারি পল্লিতে কেন্দ্রীয় বর্জ্য পরিশোধনাগার (সিইটিপি), কমন ক্রোম রিকভারি ইউনিট, সুয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্ট, ক্লোরাইড ও সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেমের নির্মাণ ও বাস্তবায়নের জন্য দায়িত্বপ্রাপ্ত। তবে হাজারীবাগ থেকে সাভারে ট্যানারি কারখানা স্থানান্তরিত হলেও সেখানে বর্জ্য পরিশোধনাগার প্ল্যান্ট (সিইটিপি) এখন পর্যন্ত সম্পূর্ণভাবে কার্যকর হয়নি। সিইটিপি ২৪ ঘণ্টা চালু রাখার কথা থাকলেও কোম্পানিটি তা রাখছে না। বর্জ্য পরিশোধন না করে তরল বর্জ্য ধলেশ্বরীতে ফেলা হচ্ছে। ফলে ধলেশ্বরীসহ আশপাশের পরিবেশ দূষণের শিকার হচ্ছে। এ অবস্থায় বেলা ওই আবেদনটি করে।