সিইটিপির নির্মাণকাজ শুরুর নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক সপ্তাহের মধ্যে সাভারের চামড়া শিল্পনগরে কেন্দ্রীয় বর্জ্য শোধনাগারের (সিইটিপি) নির্মাণকাজ শুরু করতে ঠিকাদার প্রতিষ্ঠানকে নির্দেশ দিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।
মন্ত্রী এ ক্ষেত্রে হুঁশিয়ারি করে বলেন, এ সিদ্ধান্ত বাস্তবায়নের ক্ষেত্রে গড়িমসি হলে, দায়ী ব্যক্তিদের কোনো ছাড় দেওয়া হবে না।
রাজধানীর হাজারীবাগের ট্যানারিগুলো সাভারে স্থানান্তরসহ চামড়া শিল্পনগর প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভায় শিল্পমন্ত্রী এ নির্দেশ দেন। মন্ত্রীর সভাপতিত্বে শিল্প মন্ত্রণালয়ে আজ সোমবার দুপুরে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু, শিল্পসচিব মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ, পরিবেশ ও বনসচিব শফিকুর রহমান পাটোয়ারী, বিসিক চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার এবং ট্যানারির মালিকদের দুই সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বৈঠকে আনোয়ার হোসেন বলেন, ট্যানারি দূষণের কারণে ঢাকা মহানগর বসবাসের অযোগ্য হয়ে পড়েছে। চামড়াশিল্প খাতে প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জনের সুযোগ থাকলেও শিল্পের আগে মানুষকে বাঁচাতে হবে। পরিবেশগত কমপ্লায়েন্স অনুসরণ না করা হলে, চলতি বছরের ৩১ ডিসেম্বরের পর ইউরোপিয়ান ইউনিয়নের বাজারে বাংলাদেশি চামড়াজাত পণ্য রপ্তানি বন্ধ হয়ে যাওয়ার বিষয়টি উদ্যোক্তাদের স্মরণ করিয়ে দেন পরিবেশমন্ত্রী।