সিইপিজেডে 'সাইকোলজিক্যাল ডায়রিয়ায়' আক্রান্ত ২০ শ্রমিক
চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলে (সিইপিজেড) একটি পোশাক কারখানায় অন্তত ২০ জন শ্রমিককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ শনিবার সিইপিজেডে পেনিনসুলা গার্মেন্টস নামের একটি কারখানায় এ ঘটনা ঘটে।
শ্রমিকদের দাবি, কারখানার পানি পান করে বমি ও ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন তাঁরা। চিকিত্সকেরা বলছেন, তাঁরা ‘সাইকোলজিক্যাল ডায়রিয়ায়’ আক্রান্ত।
ঘটনা সম্পর্কে সিইপিজেডের মহাব্যবস্থাপক আহসান হাবিব প্রথম আলোকে বলেন, ‘সকাল আটটার দিকে শ্রমিকেরা কাজে যোগ দেন। এর কিছুক্ষণ পর দুজন নারী শ্রমিক হঠাত্ বমি শুরু করেন। এরপর শ্রমিকদের কেউ বমি করেন, কেউবা বলেন মাথা ঘোরাচ্ছে। এসব উপসর্গ নিয়ে তাঁরা হাসপাতালে যান।’
আহসান হাবিব জানান, অন্তত ২০ জন শ্রমিককে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল কর্তৃপক্ষ (বেপজা) হাসপাতালে ভর্তি করা হয়েছে। নেছার উদ্দিন নামের এক শ্রমিককে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল মনসুর প্রথম আলোকে বলেন, ‘বেপজা হাসপাতালে ২০ জনকে ভর্তি অবস্থায় দেখেছি। কারখানার পানি খেয়ে শ্রমিকেরা অসুস্থ হয়ে পড়েছেন বলে শুনেছি।’
চিকিত্সকদের তথ্যের বরাত দিয়ে ওসি আরও জানান, শ্রমিকদের অধিকাংশই সাইকোলজিক্যাল ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন বলে চিকিত্সকেরা জানিয়েছেন।
এ ব্যাপারে জানতে চাইলে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মোশতাক হোসেন বলেন, ‘চট্টগ্রামের সিভিল সার্জনকে পানির নমুনা রাখতে বলা হয়েছে। পানিতে সমস্যা থাকতে পারে, আবার নাও থাকতে পারে।’
সাইকোলজিক্যাল ডায়রিয়ায় বিষয়ে এই প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা বলেন, বাংলায় একে বলা যায় ‘গণমনস্তাত্ত্বিক অসুস্থতা’। সাধারণত একসঙ্গে যাঁরা থাকেন বা একই বয়সী, এমন গোষ্ঠীর কেউ কেউ অসুস্থ হয়ে পড়লে অন্যরা মানসিকভাবে অসুস্থ হয়ে পড়তে পারেন।