সিইপিজেডের শ্রমিকদের সমাবেশ হয়নি
জনপ্রতিনিধি ও প্রশাসনের নানামুখী উদ্যোগের কারণে চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (সিইপিজেড) ফটকের সামনে পূর্বঘোষিত সমাবেশ করেননি শ্রমিকেরা। এদিকে শ্রমিক ও বাড়ির মালিকদের মধ্যে সমঝোতার জন্য গঠিত কমিটি গতকাল বৃহস্পতিবার চিটাগাং চেম্বার মিলনায়তনে বৈঠক করেছে।বাড়িভাড়া বাড়ানোর প্রতিবাদে ‘অসহায় নির্যাতিত শ্রমিক’দের ব্যানারে ডাকা সমাবেশকে কেন্দ্র করে গতকাল ভোরে পুলিশ ও র্যাবের এক হাজারেরও বেশি সদস্য সিইপিজেড এলাকায় অবস্থান নেন। তবে জনপ্রতিনিধি ও পুলিশের উদ্যোগের কারণে শ্রমিকেরা সমাবেশ না করে কাজে যোগ দেন।নগর পুলিশের উপকমিশনার (বন্দর) কুসুম দেওয়ান প্রথম আলোকে বলেন, বৃহস্পতিবার সকালে শ্রমিকেরা সিইপিজেড মোড়ে সমাবেশের ডাক দেওয়ায় তাঁরা ব্যাপক প্রস্তুতি নিয়ে মাঠে ছিলেন। পাশাপাশি শ্রমিকদের আলোচনায় বসানোর জন্যও তাঁরা সর্বাত্মক চেষ্টা করেছেন। তিনি বলেন, শ্রমিকেরা সড়ক অবরোধ না করে আলোচনার মাধ্যমে সমাধানের পথ খুঁজছেন। স্থানীয় জনপ্রতিনিধিরা এ ব্যাপারে ভূমিকা রাখছেন। তাই শিগগিরই বাড়িভাড়া নিয়ে সৃষ্ট জটিলতার অবসান হবে বলে তাঁরা আশা করছেন।এদিকে বাড়িভাড়া বৃদ্ধি নিয়ে সৃষ্ট সমস্যার শান্তিপূর্ণভাবে সমাধানের উপায় খুঁজতে বিকেলে চিটাগাং চেম্বার মিলনায়তনে বৈঠক করে শ্রমিক ও বাড়ির মালিকদের মধ্যে সমঝোতার জন্য গঠিত কমিটি।শ্রমিকদের আন্দোলনের প্রেক্ষাপটে সাংসদ এম এ লতিফের নেতৃত্বে গত বুধবার ৯১ সদস্যের ওই কমিটি গঠন করা হয়।সাংসদ এম এ লতিফের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সিটি মেয়র মনজুর আলম, মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ আবুল কাশেম, শ্রমিক প্রতিনিধি মুন্সি আশরাফ হোসেন ও মো. সুমন এবং বাড়ির মালিকদের পক্ষে জালাল উদ্দিন।সভায় শ্রমিক প্রতিনিধিরা বলেন, বাড়িভাড়া বাড়াতে হবে যুক্তিসংগতভাবে একটি নীতিমালার মাধ্যমে। তাঁরা ভাড়ার রসিদ, বাসায় গ্যাস, পানি ও বিদ্যুতের সরবরাহ নিশ্চিত করা এবং ভাড়া আদায়ের তারিখ নির্দিষ্ট করার দাবি জানান।সভায় মালিকপক্ষ অস্বাভাবিকভাবে বাড়িভাড়া বাড়ানোর অভিযোগ অস্বীকার করে বলে, দু-একজনের কারণে সবাইকে ঢালাওভাবে অভিযুক্ত করা ঠিক হবে না।সাংসদ এম এ লতিফ বলেন, বাড়ির মালিক, ভাড়াটিয়া শ্রমিক, জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে একটি সুনির্দিষ্ট নীতিমালার মাধ্যমে সমস্যার সুষ্ঠু ও নিরপেক্ষ সমাধান করা হবে। তিনি বলেন, এ নিয়ে কেউ যেন পরিস্থিতি ঘোলাটে করতে না পারে, সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে।