সরকারের উদ্দেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আপনারা যাঁকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) করেছেন, আমরা তাঁর কোষ্ঠী দেখেছি। তিনি ছাত্রজীবনে ছাত্রলীগ করতেন। পরে সরকারি চাকরি করেছেন এবং আওয়ামী লীগের পক্ষেই ছিলেন। যখন চাকরি চলে গেছে, তখন তিনি নির্বাচনে আওয়ামী লীগকে সহায়তা করেছেন। এগুলো ডকুমেন্টেড।’
ঠাকুরগাঁওয়ের সমির উদ্দিন মহাবিদ্যালয় চত্বরে গতকাল শনিবার দুপুরে আয়োজিত বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল এসব কথা বলেন।
প্রধানমন্ত্রীর আসন্ন ভারত সফর সম্পর্কে বিএনপির মহাসচিব বলেন, দেশের ও জনগণের স্বার্থবিরোধী কোনো চুক্তি এ দেশের মানুষ মেনে নেবে না। এ সময় তিনি দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত স্বাধীনতাকে রক্ষা করতে হবে। স্বাধীনতা রক্ষা করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আর গণতান্ত্রিক অধিকার যদি আদায় করতে হয়, তাহলে সংগ্রামের কোনো বিকল্প নেই।