সিইসি ক্লান্ত, তাই ছুটিতে: এইচ টি ইমাম
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম বলেছেন, ‘অনেক দিন ধরে তিনি (সিইসি) ছুটি চাচ্ছিলেন। অতিরিক্ত পরিশ্রমে তিনি ক্লান্ত, পরিশ্রান্ত। তিনি না থাকলে আরও চারজন নির্বাচন কমিশনার আছেন। তাঁরা অনায়াসে কাজ চালিয়ে নিয়ে যেতে পারবেন। তাঁর সঙ্গে কমিশন ও আমাদের যোগাযোগ রয়েছে।’
আজ শনিবার বিকেলে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দিন আহমেদের ছুটিতে থাকা প্রসঙ্গে এসব কথা বলেন এইচ টি ইমাম। উপজেলা নির্বাচন নিয়ে বিএনপির বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
এইচ টি ইমাম বলেন, বিএনপি প্রচার করছে তারা বেশি সংখ্যক উপজেলায় নির্বাচিত হয়েছে। কিন্তু জনপ্রিয়তার ক্ষেত্রে উল্টোটা হয়েছে। ভোটের হিসাবে আওয়ামী লীগের জনপ্রিয়তা বেড়েছে।
সারা দেশে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, এই নির্বাচন সবার কাছে গ্রহণযোগ্যতাও পাবে। এ সময় তিনি সারা দেশে আওয়ামী লীগের নেতা-কর্মীদের ওপর বিএনপি-জামায়াতের সমর্থকেরা হামলা চালাচ্ছে বলেও অভিযোগ করেন।