সিইসি চট্টগ্রামে যাচ্ছেন ৪ জুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদা ৪ জুন চট্টগ্রাম আসছেন। ওই দিন সকাল ১০টায় তিনি নগরের মুসলিম হলে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে মেয়র ও কাউন্সিলর পদপ্রার্থীদের সঙ্গে বৈঠক করবেন। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।নির্বাচন কমিশন সূত্র জানায়, সিইসি ওই দিন বিকেলে চট্টগ্রাম সার্কিট হাউস মিলনায়তনে প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে সভা করবেন। এতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংশ্লিষ্ট কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেটদের উপস্থিত থাকতে বলা হয়েছে। জেলা নির্বাচন কর্মকর্তা দুলাল তালুকদার ৪ জুন সিইসির চট্টগ্রাম সফরের বিষয়টি নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, ২ জুন প্রার্থীদের প্রতীক বরাদ্দের দিন মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের সিইসির সঙ্গে বৈঠকে উপস্থিত থাকার বিষয়টি জানানো হবে।সূত্র জানায়, ১৭ জুন চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচনে ভোট গ্রহণ করা হবে। ভোট গ্রহণের দিন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রায় ২২ হাজার নিরাপত্তাকর্মী মোতায়েন করা হচ্ছে। নির্বাচনী কর্মকর্তা নিয়োগ দেওয়া হচ্ছে প্রায় সাড়ে ১৬ হাজার। ১৫২ বর্গমাইল আয়তনের করপোরেশন এলাকায় ৬৭৪টি ভোটকেন্দ্রের চার হাজার ৭৪৮টি বুথে ভোট গ্রহণ করা হবে।