সিইসি দেশে ফিরছেন আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেড় মাস পর প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দিন আহমদ আজ সোমবার দেশে ফিরছেন। যুক্তরাষ্ট্র থেকে আজ সকালে তিনি ঢাকায় এসে পৌঁছাবেন। নির্বাচন কমিশন সচিবালয় সূত্র এ তথ্য জানিয়েছে।
দেশব্যাপী উপজেলা নির্বাচন চলাকালে গত ৩ মার্চ দেড় মাসের জন্য বিদেশ চলে গিয়ে বিতর্কের জন্ম দেন সিইসি। এ নিয়ে কমিশনের ভেতরে-বাইরে ব্যাপক সমালোচনা হয়। সিইসির অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত সিইসির দায়িত্ব পালন করেন নির্বাচন কমিশনার আবদুল মোবারক।
সিইসির উপস্থিতিতে ১৯ ফেব্রুয়ারি প্রথম ধাপে ৯৮ ও ২৭ ফেব্রুয়ারি দ্বিতীয় ধাপে ১১৫টি উপজেলায় নির্বাচন হয়। প্রথম ধাপে নির্বাচন মোটামুটি সুষ্ঠু হলেও দ্বিতীয় ধাপ থেকে কারচুপি ও কেন্দ্র দখলের অভিযোগ আসতে শুরু করে। পরের তিন ধাপের নির্বাচনে ভোট জালিয়াতি, সহিংসতা ও কেন্দ্র দখলের ঘটনা ক্রমশ বাড়ে।
১৫ মার্চ তৃতীয় ধাপে ৮১, ২৩ মার্চ চতুর্থ ধাপে ৯১ ও ৩১ মার্চ পঞ্চম ধাপে ৭৩টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে ভোট জালিয়াতির ঘটনায় নির্বাচন কমিশনের নিষ্ক্রিয়তা ব্যাপকভাবে সমালোচিত হয়।