সিইসি দেশের বাইরে, দেশে চলছে নির্বাচন
দেশব্যাপী উপজেলা নির্বাচন চললেও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ এক মাসের বেশি সময়ের জন্য দেশের বাইরে চলে গেছেন। গত সোমবার সকালে তিনি সস্ত্রীক যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।
নির্বাচনের এ সময়ে সিইসির দেশের বাইরে যাওয়ার বিষয়টিকে ইতিবাচক মনে করছেন না কমিশন সচিবালয়ের কর্মকর্তারা। কমিশনাররাও কেউ কেউ নাখোশ।
কমিশন সচিবালয় সূত্র জানায়, সিইসি পুরো মার্চ এবং এপ্রিলেরও কিছুদিন নিউইয়র্কে অবস্থান করতে পারেন। তাঁর অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত সিইসির দায়িত্ব পালন করবেন নির্বাচন কমিশনার আবদুল মোবারক।
গত ১৯ ফেব্রুয়ারি প্রথম ধাপে ৯৭টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি মোটামুটি নিয়ন্ত্রণে থাকলেও ২৭ ফেব্রুয়ারি দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত ১১৫ উপজেলার নির্বাচনে ব্যাপক সহিংসতা ও ভোট জালিয়াতির ঘটনা ঘটে। সহিংসতা ও ভোট জালিয়াতির কারণে কমিশন নোয়াখালী সদর উপজেলার সম্পূর্ণ এবং নয় উপজেলার ৩৪টি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করে। ১৫ মার্চ তৃতীয় ধাপে ৮৩ উপজেলায়, ২৩ মার্চ চতুর্থ ধাপে ৯৩ এবং ৩১ মার্চ পঞ্চম ধাপে ৭৪টি উপজেলায় ভোট গ্রহণ হতে যাচ্ছে।
কমিশন সচিবালয়ের কর্মকর্তারা জানান, বড় পরিসরের নির্বাচন চলাকালে সিইসির দেশের বাইরে থাকার ঘটনা অতীতে কখনো ঘটেনি। সিইসির অনুপস্থিতি নির্বাচনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
পঞ্চম ধাপে মোট প্রার্থী ১৩৩৪: পঞ্চম ধাপে ৭৪টি উপজেলার নির্বাচনের জন্য মোট এক হাজার ৩৩৪ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। তাঁদের মধ্যে চেয়ারম্যান পদে ৫৩২ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪৯৭ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩০৫ জন। নির্বাচন কমিশন গত ২০ ফেব্রুয়ারি এ নির্বাচনের তফসিল ঘোষণা করে। তফসিল অনুযায়ী গত রোববার ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। আজ বুধবার মনোনয়নপত্র বাছাই হবে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ১২ মার্চ এবং ভোট গ্রহণ হবে ৩১ মার্চ।