সিইসি পরিবর্তনের দাবিকে 'ননসেন্স' বললেন অর্থমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ‘সিইসির পদত্যাগের জন্য ড. কামাল হোসেন যে দাবি তুলেছেন সেটি একটি অহেতুক দাবি। এই দাবির কোনো ভিত্তি নেই। এটি একটি ননসেন্স দাবি।’
গতকাল বুধবার বেলা আড়াইটার সময় সিলেট রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক কাজী এমদাদুল হকের কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এর আগে তিনি তাঁর আসন সিলেট-১ (মহানগর-সদর) থেকে এবার নৌকা প্রতীকে মনোনয়ন পাওয়া ছোট ভাই এ কে আবদুল মোমেনের মনোনয়নপত্র দাখিল করার আনুষ্ঠানিকতায় যোগ দেন।
এ সময় অর্থমন্ত্রী বলেন, ‘গত নির্বাচন থেকে এই নির্বাচনের জয় আরও সহজ হবে। এবার নৌকা অনায়াসেই জিতবে। দেশে যে পরিমাণ উন্নয়ন হয়েছে, মানুষ তার মূল্যায়ন করবে। যে যা–ই বলুক, আমাদের বিজয় নিশ্চিত।’
সবার জন্য সমান সুযোগ (লেভেল প্লেয়িং ফিল্ড) নিয়ে বিএনপির অভিযোগের পরিপ্রেক্ষিতে অর্থমন্ত্রী বলেন, ‘বিএনপির এ দাবি সত্য নয়। তারাও ননসেন্স। নির্বাচনে সারা দেশে লেভেল প্লেয়িং ফিল্ড রয়েছে। নেতা-কর্মীদের ধরপাকড় করা হচ্ছে বলে বিএনপি যে অভিযোগ তুলেছে, তা–ও সত্যি নয়।’

মনোনয়নপত্র দাখিলের সময় অর্থমন্ত্রীর আরেক ভাই সাবেক সচিব এ কে মুবিন, বোন সাবেক জাতীয় অধ্যাপক শায়লা খাতুন, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহউদ্দিন সিরাজ, নগর আওয়ামী লীগের সভাপতি বদরউদ্দিন আহমদ কামরান, সাধারণ সম্পাদক আসাদউদ্দিন আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।